Malda News: বিদ্যার দেবী হিসেবে সারা ভারতে পূজিত হন সরস্বতী (Saraswati)। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরস্বতী পুজো করা হয়। কিন্তু মালদার চাঁচলের এক স্কুলে আঁকা পরীক্ষায় সেই দেবী সরস্বতীর ছবি আঁকায় এক শিক্ষকের বিরুদ্ধে বাধা দেওয়া এবং ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

DID YOU
KNOW
?
শিক্ষকের বিদ্বেষ
চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষক আফতাবউদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ উঠেছে।

Devi Saraswati Painting Torn: স্কুলে আঁকা পরীক্ষায় বিদ্যার দেবী সরস্বতীর ছবি আঁকা যাবে না! মালদার চাঁচলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে (Chanchal Siddheswari Institution) এক শিক্ষকের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। এই স্কুলে আঁকা পরীক্ষা চলাকালীন দেবী সরস্বতীর ছবি আঁকার কারণে সপ্তম শ্রেণির এক পড়ুয়ার আঁকা ছবি ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযুক্ত শিক্ষক আফতাবউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। হিন্দু সংগঠনের ক্ষোভের মুখে পড়েন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক পৌঁছে যান। কেন্দ্রীয় বাহিনীও স্কুলে পৌঁছে যায়। চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্ট পড়ুয়ার অভিভাবকরা। এরপরেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।

আঁকা পরীক্ষার সময় ঠিক কী হয়েছিল?

চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষা চলছে। বৃহস্পতিবার সপ্তম শ্রেণির অঙ্কন শিক্ষা এবং কর্মশিক্ষা পরীক্ষা ছিল। সপ্তম শ্রেণির পড়ুয়া অঙ্কিত রায় বাগদেবীর ছবি এঁকেছিল। যখন সে ছবি জমা দিতে যায়, তখন গার্ডের দায়িত্বে থাকা আরবি বিভাগের শিক্ষক আফতাবউদ্দিন বলেন, এই ছবি আঁকা যাবে না। এই ছবি ছিঁড়ে দেন শিক্ষক। সংশ্লিষ্ট পড়ুয়া বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে অভিভাবকরা বিষয়টি জানতে পারেন। শুক্রবার চাঁচল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পড়ুয়ার বাবা কমল রায়।

স্কুলে বিক্ষোভ হিন্দু সংগঠনের

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাঁচলের এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে। বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধিরা অভিযুক্ত শিক্ষকের শাস্তি এবং সাসপেনশনের দাবিতে স্কুলে জমায়েত হন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরের বাইরে চলতে থাকে বিক্ষোভ। মহকুমা পুলিশ আধিকারিক আফজাল আলি-সহ চাঁচল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। যদিও এখনও উত্তেজনা রয়েছে। অভিযোগ, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মানসিকতা পোষণ করেন। হিন্দু দেব-দেবীর ছবি আঁকার কারণে শুধু একজন নয়, আরও কয়েকজন পড়ুয়ার ছবি ছিঁড়ে দিয়েছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।