Nadia: ছেলে রাজ্য পুলিশে কর্মরত। তারপরও বাবার জমিজমা হাতিয়ে সম্পত্তি নিজের নামে করে বাস স্ট্যান্ডে থাকতে বাধ্য করল গুণধর ছেলে-বউমা। ঘটনার খবর চাউর হতেই শোরগোল এলাকায়। কোথায় ঘটেছে এই ঘটনাটি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Nadia: টাকা-পয়সা ও জমিজায়গা লিখিয়ে নিয়ে অসুস্থ বৃদ্ধ বাবাকে ভিটেছাড়া করার অভিযোগ উঠল রাজ্য সরকারি কর্মচারী ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার নবদ্বীপে। অভিযোগ, বাড়ি থেকে বের করে দেওয়ার পর প্রায় দেড় মাস ধরে নবদ্বীপ ঘাট সংলগ্ন বাসস্ট্যান্ডে ত্রিপল খাটিয়ে দিন কাটাচ্ছিলেন বৃদ্ধ ভজন সরকার ও তাঁর স্ত্রী অনিমা সরকার।

সরকারি চাকরিজীবী ছেলের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গলায় টিউমার সংক্রান্ত জটিল অস্ত্রোপচারের পর বাকশক্তি হারিয়েছেন ভজনবাবু। নলের সাহায্যে তরল খাবার গ্রহণ করতে হয় তাঁকে। অভিযোগ, এই শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর ছোট ছেলে গৌরাঙ্গ সরকার, যিনি রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত, প্রতারণার মাধ্যমে বাবার সম্পত্তি ও ব্যাংকে থাকা টাকা নিজের নামে করে নেন। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে অসুস্থ বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।

বৃদ্ধ দম্পতির বড় ছেলে ভরত সরকার প্রতিমা তৈরির কাজ করেন। তাঁর সামান্য জায়গায় তাঁদের স্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা সম্ভব হয়নি বলে দাবি স্থানীয়দের। ফলে বাসস্ট্যান্ডই হয়ে ওঠে তাঁদের আশ্রয়স্থল।

স্থানীয় সমাজসেবী শুভশ্রী ভৌমিক তাঁদের দেখতে পেয়ে বিষয়টি সামাজিক মাধ্যমে তুলে ধরেন। ভিডিও ভাইরাল হতেই প্রশাসনের নজরে আসে ঘটনা। মঙ্গলবার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আপাতত বৃদ্ধ দম্পতিকে তাঁদের বড় ছেলের বাড়িতে রাখার ব্যবস্থা করে।

স্বরূপগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান কানাই দাস জানান, দীর্ঘদিন ধরে দুই ছেলের বাড়িতে পালা করে থাকছিলেন ওই দম্পতি। পরে তাঁরা বাসস্ট্যান্ডে আশ্রয় নেন। প্রশাসনের উদ্যোগে আপাতত তাঁদের বড় ছেলের বাড়িতে রাখা হয়েছে। ভবিষ্যতে যাতে তাঁদের কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে নজর রাখা হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।