বৃহস্পতিবার থেকেই ধর্মতলায় চালু হয়ে গেল নয়া সরকারি বাস স্ট্যান্ড (Esplanade Bus Stand)। এসপ্ল্যানেড স্টেশন ও রানি রাসমণি অ্যাভিনিউয়ের মাঝের অংশে তৈরি হয়েছে নতুন এই বাস স্ট্যান্ড।

বৃহস্পতিবার থেকেই ধর্মতলায় চালু হয়ে গেল নয়া সরকারি বাস স্ট্যান্ড (Esplanade Bus Stand)। এসপ্ল্যানেড স্টেশন ও রানি রাসমণি অ্যাভিনিউয়ের মাঝের অংশে তৈরি হয়েছে নতুন এই বাস স্ট্যান্ড। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস ছাড়বে এখান থেকে। এছাড়াও থাকছে যাত্রীদের জন্য বাতানুকুল ওয়েটিং রুম। জোকা এসপ্ল্যানেড রুটে মেট্রোয় করিডরের জন্য আগের জায়গা থেকে সরল বাস স্ট্যান্ড।

কী কারণে বাস স্ট্যান্ড সরল?

এতদিন পুরনো ডিপো থেকেই প্রতিদিন কয়েকশো দূরপাল্লার বাস বিভিন্ন রুটে যাতায়াত করত। যার মধ্যে ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম, কলকাতা ট্রাম কোম্পানি এবং রাজ্য পরিবহণ নিগমের বাস। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের কাজ করছে রেল বিকাশ নিগম লিমিটেড (Rail Vikas Nigam Limited)। ধর্মতলায় ভূগর্ভস্থ মেট্রো স্টেশন তৈরির সময় পুরনো বাস ডিপো বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণেই ডিপো সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবার মেট্রোর কাজ দ্রুত এগোবে বলে মনে করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে পূর্ব-পশ্চিম মেট্রোর এসপ্লানেড স্টেশনের জোড়া প্রবেশপথ এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ের মাঝের অংশে এই নতুন ডিপো তৈরি করে দেওয়া হয়েছে।

কী কী সুবিধা মিলবে?

নতুন ডিপোতে বাস ঢোকা এবং বেরোনোর দু’টি পথই রানি রাসমণি অ্যাভিনিউয়ের ধর্মতলামুখী লেনে রাখা হয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জন্য পৃথক বুকিং কাউন্টার রয়েছে। যাত্রীদের জন্য বাতানুকূল ওয়েটিং রুম রয়েছে। বাসচালক ও কর্মীদের জন্যও বাতানুকূল ঘর রয়েছে। পৃথক ‘পে অ্যান্ড ইউজ়’ টয়লেট রয়েছে। পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের আধিকারিকদের জন্য আলাদা ঘর আছে। যাত্রীদের সুবিধার্থে তিনটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে। বড় বোর্ডটি সামনের দিকে। ছোট দুটি বোর্ড ওয়েটিং প্লেসে লাগানো হয়েছে। বসানো হয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেমও। জোড়া প্রবেশপথে থাকছে প্রশস্ত সাইনবোর্ড।