Pratikur Rahaman CPM: প্রতিকুর রহমান নিজেই জানিয়েছেন, তাঁর সঙ্গে বিমান বসুর কথা হয়েছে। তবে তাঁকে রাজ্য দফতরে ডেকে পাঠালেও প্রতিকুর আদৌ যাবেন কিনা, ঠিক নেই। কারণ, তিনি ভাবনাচিন্তা করছেন।
Pratikur Rahaman CPM: আলিমুদ্দিনে ডামাডোল। একটা চিঠি, আর সব তালগোল পাকিয়ে যাওয়ার জোগাড়। নেপথ্যে দলের তরুণ নেতা প্রতিকুর রহমান (pratikur rahaman cpm)। যাকে ধরে রাখতে মরিয়া রাজ্য সিপিএম। আরও ভালো করে বলতে গেলে, আসরে নামলেন প্রবীণ বাম নেতা বিমান বসু (cpim west bengal)।
কেন প্রতিকুরকে ধরে রাখতে চাইছে বামেরা? তার কারণ অনেক। প্রথমত প্রতিকুরের লড়াকু মানসিকতা। দ্বিতীয়ত, শ্রেণির নেতা। কেন? তার কারণ, সিপিএম যে শ্রেণির কথা বলে অর্থাৎ, সেই প্রান্তিক পরিবার থেকেই উঠে এসেছেন প্রতিকুর রহমান। নিজের মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। যথেষ্ট কষ্ট করেই সংসার চলে। তবুও পার্টি ছাড়েননি এতদিন।
রাগ ভাঙাতে ‘বিমানদা'
দায়িত্ব সামলেছেন সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই-এর প্রাক্তন সভাপতি হিসেবেও। তাও একবার নয়, দুবার। তরুণ প্রজন্মের কর্মীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তিনি। রাস্তায় নেমে একাধিকবার লড়াইতে একেবারে সামনের সারিতে দেখা গেছে প্রতিকুরকে। লড়াকু নেতার পাশাপাশি বামেদের হয়ে ডায়মন্ডহারবারের মতো হেভিওয়েট লোকসভা আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতেও পিছুপা হননি তিনি।
গরীব মুসলমান প্রতিবার থেকে উঠে আসা, আর্থ-সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণির তরুণ নেতা হিসেবে নিজেকে যথেষ্ট প্রতিষ্ঠিত করতে পেরেছেন প্রতিকুর। বাম মহলে লড়াকু হিসেবে শক্তিশালী পরিচিতি রয়েছে তাঁর। কিন্তু এহেন এক নেতার মনে কেন এত অভিমান? তিনি তাঁর চিঠিতে পরিষ্কার লিখেছেন, জেলা এবং রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে প্রতিকুর নিজেকে খাপ খাওয়াতে পারছেন না। এবার তাঁর রাগ ভাঙাতে আসরে নামলেন খোদ বিমান বসু।
রাজ্য দফতরে ডেকে পাঠানো হল প্রতিকুরকে
শুধু তাই নয়, প্রতিকুর প্রাথমিক সদস্যপদও ছাড়তে চেয়েছেন। যা বেশ চিন্তায় ফেলে দিয়েছে আলিমুদ্দিনকে। এমনিতেই সিপিএম-এর অন্দরে ‘মধ্যবিত্তায়ন' মাথাচাড়া দিয়ে উঠেছে বলেই মত অনেক কর্মীদের। এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, একজন প্রান্তিক অংশ থেকে উঠে আসা নেতা যদি দল ছাড়তে চান, সেটা খুব একটা ভালো বিষয় হবে না বলেই মনে করছেন অনেকে।
কেউ কেউ বলছেন, সিপিএম যে শ্রেণির কথা বলে, সেই শ্রেণিরই নেতা প্রতিকুর। এইরকম তরুণ নেতাকে ভোটের আগে হারালে বড্ড মুশকিল হতে পারে। অতএব, প্রবীণ নেতা তথা বামেদের প্রিয় ‘বিমানদা' কথা বলেছেন প্রতিকুরের সঙ্গে। মঙ্গলবার, প্রতিকুর রহমান নিজেই জানিয়েছেন, তাঁর সঙ্গে বিমান বসুর কথা হয়েছে। তবে তাঁকে রাজ্য দফতরে ডেকে পাঠালেও প্রতিকুর আদৌ যাবেন কিনা, ঠিক নেই। কারণ, তিনি ভাবনাচিন্তা করছেন।
এইসবের মাঝেই বুধবার, সিপিএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক রয়েছে। তারপর দুদিন ধরে চলবে রাজ্য কমিটির বৈঠক। প্রতিকুর কি যাচ্ছেন সেই মিটিং-এ? উত্তর দেবে সময়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
