Directorate Of ICDS: মানুষের জন্য কাজ করাই তাঁর নেশা! সহকর্মীদের সবার 'মুশকিল আসান' প্রসেনজিৎ চক্রবর্তী, কে এই ব্যক্তি?

Directorate Of ICDS: সরকারি দফতরে কাজ মানেই অনেক সময় জটিলতা, ফাইলের পাহাড় আর নানা নিয়মকানুনের ভিড়। কিন্তু সেই জটিলতার মাঝেও যদি এমন একজন মানুষ থাকেন, যিনি সবার সমস্যার সমাধান খুঁজে দিতে সদা প্রস্তুত—তবে অনেকটাই সহজ হয়ে যায় পথচলা। সমাজকল্যান দফতরের সহর্কমীদের কাছে ঠিক তেমনই এক নির্ভরতার নাম প্রসেনজিৎ চক্রবর্তী। ডাইরেক্টরেট অফ আইসিডিএস ( শৈশালী ভবন) -এর হেড কোয়ার্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কর্মরত প্রসেনজিৎবাবু যেন সবার ‘মুশকিল আসান’। 

কারও পেনশন আটকে রয়েছে, কারও আবার বেতন পাওয়ার জন্য জরুরি নথি জমা দিতে হবে—এই সব সমস্যার সমাধানে সবার আগে এগিয়ে আসেন তিনি। কে কখন কী কাগজ জমা দেবেন, কীভাবে দেবেন, কোন নিয়ম মানতে হবে—এই সমস্ত তথ্য সময় মতো কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও নিজের কাঁধে তুলে নেন তিনি। অনেক কর্মীর পোস্টিং থাকে দূরবর্তী এলাকায়। তাঁদের যাতে বারবার হেড অফিসে এসে ভোগান্তির শিকার হতে না হয়, সে দিকেও বিশেষ নজর রাখেন প্রসেনজিৎবাবু। 

ফোনে, মেসেজে কিংবা অন্য কোনও মাধ্যমে যতটা সম্ভব তাঁদের কাজ সহজ করে দেওয়ার চেষ্টা করেন তিনি। অফিসের কোনও কাগজে ভুল থাকলে কীভাবে তা সংশোধন করতে হবে, কোন পথে সমস্যার সমাধান মিলবে—সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন ধৈর্য সহকারে। কিছুদিন আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী। অতিরিক্ত কাজের চাপ ও উচ্চ রক্তচাপের কারণে একসময় তাঁর কান দিয়ে রক্ত বেরোতে শুরু করে। সেই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে দফতরের কর্মীদের মধ্যে। 

অনেকেই চিন্তিত হয়ে পড়েন তাঁর জন্য। প্রায় প্রতিদিনই কেউ না কেউ তাঁর খোঁজ নিতে আসতেন, দেখা করতেন, দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করতেন। কিছুদিন বিশ্রাম নেওয়ার পর ফের কাজে যোগ দিয়েছেন তিনি। আবার আগের মতোই সহকর্মীদের সমস্যার সমাধানে ব্যস্ত হয়ে পড়েছেন। কর্মীদের অনেকেই বলেন, এমন নিষ্ঠাবান ও সহানুভূতিশীল মানুষই প্রকৃত অর্থে একজন প্রকৃত ‘পাবলিক সারভেন্ট’। কারণ তিনি শুধু নিজের দায়িত্বই পালন করেন না, মন থেকে চেষ্টা করেন অন্যদের কাজ সহজ করে দিতে। দফতরের অনেক কর্মীর মুখেই শোনা যায় একটাই কথা—“ভাগ্যিস প্রসেনজিৎবাবু আছেন, নইলে এত সমস্যার সমাধান করা সত্যিই কঠিন হয়ে যেত।” তাঁর এই আন্তরিকতা ও মানুষের পাশে থাকার মানসিকতাই তাঁকে সবার কাছে আলাদা করে তুলেছে।