ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর (SIR) অধীনে শনিবার চূড়ান্ত ভোটার তালিকা (Voter List 2026 West Bengal) প্রকাশিত হয়েছে। যদিও এই তালিকা অসম্পূর্ণ।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর (SIR) অধীনে শনিবার চূড়ান্ত ভোটার তালিকা (Voter List 2026 West Bengal) প্রকাশিত হয়েছে। যদিও এই তালিকা অসম্পূর্ণ। কারণ, বহু মানুষ বিবেচনাধীনের অধীনে রয়েছেন। তাই অনেক নাম যোগ হতে পারে। আবার অনেক নাম বাদও যেতে পারে। ২৭ অক্টোবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কথা জানিয়েছিল কমিশন। তখন রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসেব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মের মাধ্যমে নাম যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের। রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। এর পাশাপাশি ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিচারাধীন রয়েছে। এর মধ্যে থেকে আরও কিছু নাম বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে।
চূড়ান্ত তালিকায় ‘ক্যাটেগরি’ আকারে ভোটারদের চিহ্নিত করেছে কমিশন। যাদের নাম বাদ পড়েছে, তাদের ক্ষেত্রে ‘ডিলিটেড’ লেখা হয়েছে। নাম রয়েছে, অথচ নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি, ওই ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের তালিকায় লেখা ‘বিচারাধীন’। এ ছাড়া, যোগ্য ভোটারদের ‘অ্যাপ্রুভড’ করা হয়েছে। এখন প্রশ্ন হল, কোনও কারণে আপনার নাম বাদ গেলে কী করবেন? চলুন জেনে নেওয়া যাক।
শুনানিতে উপস্থিত থাকা এবং নথি জমা দেওয়ার পরেও নাম না থাকলে কী করবেন
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ৫ দিনের মধ্যে আপনি সংশ্লিষ্ট ডিএম/ডিইও-এর কাছে আবেদন করতে পারেন। আবেদন পাওয়ার পর, ডিএম/ডিইও আপনাকে শুনানির জন্য ডাকবেন। যদি ডিএম/ডিইও নথিপত্র দেখে নিশ্চিত হন, তাহলে তিনি আপনার আবেদন অনুমোদন করবেন। যদি ডিএম/ডিইও নথিপত্র দেখে নিশ্চিত না হন, তাহলে তিনি অনুমোদন করবেন না।
তাহলে আপনি সিইও-এর কাছে আবেদন করতে পারেন। যদি সিইও নিশ্চিত হলে তিনি আপনার আবেদন অনুমোদন করবেন। যদি আপনার আবেদন ডিইও/সিইও-এর দ্বারা অনুমোদিত হয়, তাহলে আপনার নাম অতিরিক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং আপনি ভোট দিতে পারবেন। যদি আপনার আবেদন ডিইও-এর দ্বারা ৫ দিনের মধ্যে নিষ্পত্তি না হয়, তাহলে আপনি সিইও-এর কাছে আবেদন করতে পারেন।
নোটিশ পাওয়ার পরেও শুনানিতে উপস্থিত না থাকার পরে যদি নাম বাদ যায়
নথি সহ ফর্ম ৬ পূরণ করে জমা দিন। যদি আবেদনটি ERO/AERO কর্তৃক অনুমোদিত হয় তবে আপনার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
