Suvendu Adhikari On West Bengal Tourism: বদলের বাংলায় পর্যটন ক্ষেত্রেও বড় বদলের জন্য নয়া পদক্ষেপ গ্রহণের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য পর্যটন ব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে তুলতে কী বললেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
Suvendu Adhikari On West Bengal Tourism: রাজ্যের পর্যটন পরিকাঠামোকে নতুন করে সাজাতে বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি জানান রাজ্যের পর্যটন ক্ষেত্রকে ঢেলে সাজাতে বাজেটে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন লজ সংস্কার জলপথ যোগাযোগ উন্নত করা সুন্দরবনের সুরক্ষা এবং কলকাতা শহরে ওয়াটার মেট্রো চালুর মতো একাধিক পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন তিনি।
রাজ্য পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর:-
জানা গিয়েছে, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিগত সরকারের বছরগুলিতে রাজ্যের পর্যটন পরিকাঠামো প্রকৃতি ও প্রাণীসম্পদের ক্ষয়ক্ষতির প্রসঙ্গ টেনে বলেন এই পরিস্থিতির পরিবর্তন দরকার। পর্যটকদের আকৃষ্ট করতে অন্য রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গকে সামনের সারিতে তুলে আনার ওপর জোর দেন তিনি।
তিরুবনন্তপুরমের পর দেশের ১৮তম শহর হিসেবে কলকাতার জলপথকে যুক্ত করা হচ্ছে আধুনিক 'ওয়াটার মেট্রো' নেটওয়ার্কে। দীঘা বকখালি, মুকুটমণিপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স, চালসা, লাটাগুড়ি ও দার্জিলিং পর্যন্ত সমস্ত সরকারি ট্যুরিস্ট লজ এবং গেস্ট হাউসগুলির দ্রুত আধুনিকীকরণ ও মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। সুন্দরবন সংলগ্ন দ্বীপগুলিতে ভ্রমণ ও নাইট-স্টে বাড়াতে প্রায় ১১টি অত্যাধুনিক বোট প্রস্তুত করা হচ্ছে।
পাশাপাশি নদীভাঙন ও পরিবেশ রক্ষায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহায়তায় চলতি বছরেই সুন্দরবনে প্রায় ২০ লক্ষ ম্যানগ্রোভ রোপণ করা হবে। আগামী ২রা অক্টোবরকে লক্ষ্যমাত্রা রেখে বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবার ও শিশুদের আকর্ষণে পর্যটনকেন্দ্রগুলিতে হাঁটার পথ ও বিনোদন পার্ক গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ, পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ড. সুব্রত গুপ্ত এবং পর্যটন দফতরের সচিব। এছাড়াও বাংলাদেশ ব্রিটেন ও থাইল্যান্ডের প্রতিনিধি ও কূটনৈতিক কর্তারা উপস্থিত ছিলেন। কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজ্যজুড়ে পর্যটনকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে বক্তব্য শেষ করেন মুখ্যমন্ত্রী।


