Triangle Love Case: ত্রিকোণ প্রেমের জেরে রাজ্যের নানা প্রান্তে অপরাধমূলক ঘটনা দেখা গিয়েছে। তবে এবার দার্জিলিং (Darjeeling) জেলার মাটিগাড়াতে যে নৃশংস ঘটনা দেখা গেল, তার নজির মেলা ভার। সারা দেশেই এরকম ঘটনা বিরল।

DID YOU
KNOW
?
ত্রিকোণ প্রেমের জেরে খুন
ত্রিকোণ প্রেমের জেরে খুনের ঘটনা সারা বিশ্বেই দেখা যায়। এবার শিলিগুড়ির কাছে মাটিগাড়াতেও একই অভিযোগ উঠল।

West Bengal Police: ত্রিকোণ প্রেমের জেরে ১৫ বছর বয়সি এক কিশোরকে অপহরণ করে খুন! ২৫ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঘটনাস্থল দার্জিলিং (Darjeeling) জেলার মাটিগাড়া থানার (Matigara Police Station) অন্তর্গত শিমুলতলা অঞ্চলে। শনিবার থেকে নিখোঁজ ছিল দশম শ্রেণির ছাত্র শুভজিৎ মোদক। মঙ্গলবার কাকভোরে শুকনা জঙ্গল সংলগ্ন চামটা চা বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মাটিগাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া শিলিগুড়ি সংলগ্ন শিমুলতলা অঞ্চলে। অভিযুক্ত যুবকের নাম রাজ পাসোয়ান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে পাকড়াও করতে পারেনি পুলিশ। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সে কোথায় লুকিয়ে আছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

এক কিশোরীকে নিয়ে দ্বন্দ্ব

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক কিশোরীকে কেন্দ্র করে শুভজিৎ ও রাজের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। বন্ধুদের দাবি, দু'জনেই একই মেয়েকে পছন্দ করত। যা নিয়ে মাসখানেক আগে তাদের মধ্যে বড়সড় ঝামেলাও হয়। অভিযোগ, গত শনিবার সন্ধ্যা ছ'টা নাগাদ রাজ ফোন করে শুভজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ১০টা বাজার পর থেকেই শুভজিতের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনও হদিশ পাননি। ছেলের সন্ধান না পেয়ে শুভজিতের মা-বাবা মাটিগাড়া থানার দ্বারস্থ হন। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাজ ওই অঞ্চল ছেড়ে পলাতক। পুলিশ রাজের এক বন্ধুকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

শোকগ্রস্ত শুভজিতের পরিবার

শুভজিতের মৃতদেহ উদ্ধার হওয়ার পর তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে, এটি শুধুমাত্র ত্রিকোণ প্রেমের জেরে অপহরণ, নাকি এর পিছনে অন্য কোনও গভীর রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যে কিশোরীকে কেন্দ্র করে বিবাদ, তার কোনও ভূমিকা আছে কি না, সে বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।