- Home
- West Bengal
- Suvendu Adhikari: পাহাড়ের সমস্যা সমাধানে বাড়ছে প্রত্যাশা? জোড়া কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে শুভেন্দু
Suvendu Adhikari: পাহাড়ের সমস্যা সমাধানে বাড়ছে প্রত্যাশা? জোড়া কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে শুভেন্দু
Suvendu Adhikari: বঙ্গে শাসকের পালা বদল হতেই প্রথমবারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর তারপর থেকেই একের পর এক জনহিতকর কাজ করে চলেছেন শুভেন্দু অধিকারী সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে আজ প্রথম পাহাড় সফরে শুভেন্দু। নজরে পাহাড় সমস্যার সমাধান।।

প্রথমবার পাহাড় সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াংয়ে প্রশাসনিক ও রাজনৈতিক—দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরে পাহাড় সমস্যার সমাধান এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়ে তিনি কী বার্তা দেন, সেদিকে নজর রয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলেরও।

মুখ্যমন্ত্রীর প্রথম পাহাড় সফর ঘিরে বাড়ছে প্রত্যাশা
বিধানসভা নির্বাচনের আগে উত্তরের এক জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের পথে উদ্যোগ নেওয়া হবে। সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর প্রথম পাহাড় সফরকে ঘিরে প্রত্যাশা বেড়েছে।
পাহাড়ে কোন কোন সমস্যায় বেশি নজর?
সম্প্রতি পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের মিরিক সফরের সময় গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান উঠেছিল। ফলে এবার মুখ্যমন্ত্রীর সফরে পাহাড় সংক্রান্ত বিষয়গুলি বিশেষ গুরুত্ব পাবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। বিজেপি নেতৃত্বের দাবি, পূর্ববর্তী সরকার উত্তরবঙ্গকে বঞ্চিত করেছিল। তবে বর্তমান মন্ত্রিসভায় উত্তরবঙ্গের ১১ জন প্রতিনিধিকে স্থান দেওয়া হয়েছে, যা উত্তরবঙ্গের প্রতি সরকারের অগ্রাধিকারেরই প্রতিফলন।
পাহাড় সমস্যার সমাধান এবং উন্নয়নের গতি
কেন্দ্র ও রাজ্য—উভয় ক্ষেত্রেই বিজেপি ক্ষমতায় থাকায় পাহাড় সমস্যার সমাধান এবং উন্নয়নের গতি বাড়বে বলে আশা করছেন অনেকেই। সেই প্রত্যাশার প্রতিফলন হিসেবেই পাহাড়ের তিনটি বিধানসভা আসন বিজেপির ঝুলিতে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মঙ্গলবার সকালে চার্টার্ড বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টারে কার্শিয়াংয়ের চাঁদমারি হেলিপ্যাডে যাওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়া প্রতিকূল হলে তিনি সড়কপথে রোহিণী রোড হয়ে কার্শিয়াং পৌঁছাবেন।
গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবেন শুভেন্দু অধিকারী?
সকাল ১১টায় কার্শিয়াংয়ের মন্টেভিয়ট ময়দানে বিজেপির দলীয় সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে পাহাড়বাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তিনি গোথেলস মেমোরিয়াল স্কুলে আয়োজিত সরকারি জনকল্যাণ শিবিরে অংশ নেবেন। বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সুবিধা তুলে দেওয়ার পাশাপাশি প্রশাসনিক কর্মসূচিতেও যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে কার্সিয়াং শহর ও সংলগ্ন এলাকায় একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

