- Home
- West Bengal
- WB Today Weather: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
WB Today Weather: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
WB Today Weather: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া? আজও কী ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আজকের আবহাওয়ার আপডেট
দুর্গাপুজোর আনন্দে সাময়িক বাধা দিতে পারে বৃষ্টি! পঞ্চমী থেকে প্রথম সপ্তমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর, রবিবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। মহাষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির আশঙ্কা কার্যত নেই বললেই চলে। ফলে পুজোর বাকি দিনগুলিতে মিলতে পারে অনুকূল আবহাওয়া।

কী বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস ?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পঞ্চমী থেকে শনিবার প্রথম সপ্তমী পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। এর মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
মহাষ্টমী থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের কথা জানিয়েছে আবহাওয়া দফতর
রবিবার, দ্বিতীয় সপ্তমীর সকালে উপকূলবর্তী কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। তবে এরপর থেকেই আবহাওয়ার উন্নতি হবে। সোমবার মহাষ্টমী থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। একইসঙ্গে ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা এবং বাতাসে হিমেল পরশ অনুভূত হতে পারে। ফলে অষ্টমী থেকে দশমী পর্যন্ত পুজোর আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে পারে মনোরম আবহাওয়া।
উত্তরবঙ্গেও পুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে?
অন্যদিকে, উত্তরবঙ্গেও পুজোর দিনগুলিতে আবহাওয়া অনুকূল থাকার ইঙ্গিত। বৃহস্পতিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। শুক্রবার ষষ্ঠী ও শনিবার প্রথম সপ্তমীতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরবে উত্তরবঙ্গে। আকাশ পরিষ্কার থাকলে অষ্টমী, নবমী ও দশমীতে দার্জিলিং থেকে পর্যটকদের দেখা মিলতে পারে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার। অর্থাৎ, পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও মিলতে পারে মনোরম আবহাওয়া।
ফের নিম্নচাপ তৈরির আশঙ্কার কথা জানালো হাওয়া অফিস
এদিকে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে কোমোরিন এলাকার কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ তৈরির সামান্য আশঙ্কা রয়েছে। তারই পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।
কবে থেকে পাকাপাকি ভাবে বিদায় নিচ্ছে বর্ষা
ইতিমধ্যেই বাংলার অধিকাংশ এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে। অসমের ধুবরি থেকে কলকাতার উপর দিয়ে বর্ষা বিদায়ের রেখা বিস্তৃত রয়েছে। এই রেখা আরও পূর্ব দিকে সরে গেলে আগামী এক-দু’দিনের মধ্যে উত্তরবঙ্গ থেকেও আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিতে পারে।
পঞ্চমী থেকে প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির চোখরাঙানি
সব মিলিয়ে, পঞ্চমী থেকে প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির চোখরাঙানি থাকলেও দ্বিতীয় সপ্তমী থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। আর মহাষ্টমী থেকে দশমী—পুজোর শেষ কয়েকটি দিন কাটতে পারে শুষ্ক, পরিষ্কার ও মনোরম আবহাওয়ায়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.







