বাঁকুড়ার সোনামুখীর রাঙামাটি ফেরিঘাট এলাকায় বালি উত্তোলনের সময় উদ্ধার হল তিনটি বিশাল  অস্ত্র!

বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি ফেরিঘাট এলাকায় বালি উত্তোলনের সময় অপ্রত্যাশিত ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পে-লোডার দিয়ে নদী থেকে বালি তোলার মাঝেই একের পর এক ধাতব বিশাল আকৃতির শেল উঠে আসে। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ ও বম্ব স্কোয়াডের দল। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিস্ফোরণের সম্ভাবনা মাথায় রেখে শেলগুলির চারপাশ বালির বস্তা দিয়ে ঘিরে ফেলা হয়। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া শেলগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে। এর আগেও দ্বারকেশ্বর ও দামোদর নদীর পাড়ে বালি তুলতে গিয়ে মর্টার শেল পাওয়া গিয়েছিল। তবে সাধারণত একটি বা দু’টি মিলত। বাঁকুড়ায় এই প্রথম একসঙ্গে তিনটি মর্টার শেল উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। 

স্থানীয় বাসিন্দা কার্তিক জানা জানান, বালি তোলার সময় হঠাৎ করেই ওই ধাতব বস্তুগুলি বেরিয়ে আসে। এলাকার মানুষ আগে কখনও এমন জিনিস দেখেননি। তাই স্বাভাবিকভাবেই কৌতূহল ও আতঙ্কে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পুলিশের অনুমান, শক্ত লোহার খোলের ভিতরে বিস্ফোরক ভর্তি ছিল শেলগুলির মধ্যে। কোনওরকম ঝুঁকি না নিয়ে সেগুলিকে আপাতত নদীর চরে নিরাপদভাবে ঘিরে রাখা হয়েছে এবং এলাকায় কড়া নজরদারি চলছে। বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বম্ব স্কোয়াড পাঠানো হয় এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে দ্রুত নিরাপদভাবে শেলগুলি নিষ্ক্রিয় করা যায়।