পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) নিয়ে চূড়ান্ত প্রস্তুতিতে ভারতের নির্বাচন কমিশন। অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে।
West Bengal Assembly Election Date: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) নিয়ে চূড়ান্ত প্রস্তুতিতে ভারতের নির্বাচন কমিশন। অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে। বাংলায় এবার কত দফাতে ভোটগ্রহণ হবে তা নিয়ে জোর জল্পনা চলছে। অনেকেই মনে করছেন, অতীতের মতো এবার আর বেশি দফায় ভোটগ্রহণ হবে না। তিন দফার মধ্যেই বাংলার নির্বাচনী উৎসব সারতে চলেছে কমিশন। ২০২১ সালে ২৬ ফেব্রুয়ারি ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল। তবে, এবার রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তারপরেই এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
১৭ মার্চ দিন ঘোষণা?
২৮ ফেব্রুয়ারি শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আপত্তি জানানোর জন্য ১০ দিন সময় দেওয়া হবে। তারপর নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন। পাঁচ রাজ্যের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গে একসঙ্গে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন। সূত্রের খবর, ১৭ মার্চ নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা প্রবল। অসম এবং কেরালামের নির্বাচন একসঙ্গে করার ইঙ্গিত মিলছে কমিশন সূত্রে।
বাংলায় ৭ মে-র মধ্যে সরকার গঠন করতেই হবে। কারণ, ওইদিনই পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হবে। নির্ঘণ্ট ঘোষণার পর থেকে ভোটগ্রহণ পর্যন্ত ২৮ থেকে ৪২ দিন পর্যন্ত সময় দিতেই হবে। ১৭ মার্চ যদি নির্ঘণ্ট ঘোষণা হয়, তাহলে ভোট শুরু হতে এপ্রিলের শেষ দিক হয়ে যাবে। সেক্ষেত্রে ভোটগ্রহণ তিন দফার বেশি হবে না।
বাংলায় শেষবার এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০১ সালের বিধানসভা নির্বাচন। এরপর থেকে যতবার নির্বাচন হয়েছে তা ছয় থেকে আট দফার মধ্যে হয়েছে, তা লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন। তবে, কমিশনের আরেটি সূত্র বলছে, এক দফাতেও বাংলায় নির্বাচন সারতে পারে কমিশন। এক দফায় ভোট করানোর সুবিধা এবং অসুবিধা দুটোই রয়েছে। সুবিধা হল রাজনৈতিক দলগুলি তাদের সমর্থকদের এক পকেট থেকে অন্য পকেট পর্যন্ত একত্রিত করতে পারবে না এবং এর ফলে ভোটের দিন বা তার আগের দিন বহিরাগতদের একত্রিত করতে পারবে না। তাতে হিংসা হবে না বা কমবে। তবে, এক দফায় ভোট হলে বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজন হবে।
ভোটের আগেই বাহিনী
এদিকে, নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গের জন্য প্রাথমিক ভাবে ৪৮০ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়েছে। এই বাহিনী আসবে ২ দফায়। ১ এবং ১০ মার্চ দু’দফায় বাহিনী পৌঁছবে রাজ্যে। আপাতত অতি স্পর্শকাতর এলাকাগুলিতে বাহিনী মোতায়েন করা হবে। ভোট ঘোষণার আগে রাজ্যে এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আগে আসেনি। আগামী ১ মার্চের মধ্যে ১১০ কোম্পানি CRPF, ৪৪ কোম্পানি BSF, ২১ কোম্পানি CISF, ২৭ কোম্পানি ITBP এবং ২৭ কোম্পানি SSB পাঠানো হচ্ছে। এই সংখ্য়া মোট ২৪০ কোম্পানি। আর বাকি বাহিনী আসবে ১০ তারিখ। তার মধ্যে ১২০ কোম্পানি সিআরপিএফ, ৬৫ কোম্পানি বিএসএফ, ২০ কোম্পানি আইটিবিপি, ১৯ কোম্পানি এসএসবি এবং ১৬ কোম্পানি সিআইএসএফ।


