রাজ্যের বিধানসভা ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের সভা থেকে বাংলার মহিলাদের জন্য ১০টি বড় প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। এই প্রতিশ্রুতিগুলির মধ্যে রয়েছে নারী সুরক্ষার জন্য কঠোর পদক্ষেপ, আর্থিক সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ, যার মধ্যে লাখপতি দিদি হওয়ার সুযোগও রয়েছে।

রাজ্যের বিধানসভা ভোটের প্রথম দফার দিনেই দ্বিতীয় দফার প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ এপ্রিল রাজ্যের তিন জেলায় ৩টি সভা ও রোড শো করেন মোদী। বৃহস্পতিবার দুপুর নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করেন নরেন্দ্র মোদী। তারপরে মথুরাপুরে জনসভা করেন। বিকেল আবার হাওড়ায় রোড শো করেন মোদী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এদিন কৃষ্ণনগরের সভা থেকে বাংলার মা-বোনেদের মন জয়ে ১০টি প্রতিশ্রুতি দেন মোদী। শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, আরও ১০ প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। দেখে নিন কী কী-

১. নারী নির্যাতনকারীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে।

২. রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে মহিলা থানা তৈরি করা হবে।

৩. পুলিশ বাহিনীতে বড় আকারে মহিলাদের নিয়োগ করা হবে।

৪. এক বছরে মহিলাদের অ্যাকাউন্টে ৩৬ হাজার টাকা দেওয়া হবে।

৫. মেয়েদের গ্র্যাজুয়েশন জন্য ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দেবে বিজেপি সরকার।

৬. গর্ভবতী মায়েদের জন্য ২১ হাজার টাকা সরাসরি সহায়তা দেওয়া হবে।

৭. শিশুদের পুষ্টির জন্য অতিরিক্ত ৩৬ হাজার টাকা দেওয়া হবে।

৮. সুকন্যা সমৃদ্ধি যোজনায় মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করা।

৯. স্টার্টআপের জন্য মুদ্রা যোজনায় ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ।

১০. রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের লাখপতি দিদি হওয়ার সুযোগ দেওয়া হবে।

গতকাল ভোটের দিন আবার বাংলায় সোশ্যাল মিডিয়া পোস্ট করেন মোদী। মোদী নিজের X হ্যান্ডেলে লিখেছেন, ‘সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আমি বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেবার জন্য অনুরোধ করছি।’ এদিকে আবার আজ সকালে গঙ্গাবক্ষে দেখা যায় মোদীকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ছবি। লেখেন, ‘আজ সকালে কলকাতায়, মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেলাম। হুগলি নদীর তীরে সময় কাটালাম। এছাড়াও যারা সকালে হাঁটতে বের হন ও মাঝিদের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। ওই মাঝিদের পরিশ্রম প্রশংসনীয়।’