2026 West Bengal Legislative Assembly election: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ করা হল। এদিন ১৬ জেলা মিলিয়ে ১৫২ আসনে ভোটগ্রহণ করা হয়েছে। একেবারে শান্তিপূর্ণ ভোট হয়নি। বিক্ষিপ্ত হিংসা, অশান্তি, অপ্রীতিকর ঘটনার মধ্যে দিয়ে প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হল।
KNOW
West Bengal Elections 2026: বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের দিন ভোট দিতে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়েও ভোট না দিয়েই ফিরে এলেন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস (AITC) প্রার্থী বায়রন বিশ্বাস (Bayron Biswas)। তিনি ধুলিয়ান হিন্দু মিলন মন্দিরে ভোট দিতে যান। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসে ওঠেন সাগরদিঘির বিদায়ী বিধায়ক। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে পাঁচবার তল্লাশি করেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বায়রন। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি শেষপর্যন্ত ভোট না দিয়েই ভোটকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বায়রন দাবি করেন, 'এটি একটি পরিকল্পিত চক্রান্ত।' তাঁর অভিযোগ, সামশেরগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী নূর আলমকে হারানোর উদ্দেশ্যেই তাঁকে এইভাবে হয়রানি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী যা করছে তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে হারানোর চক্রান্ত চলছে বলে দাবি বায়রনের। এই ঘটনাকে কেন্দ্র করে ধুলিয়ানে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মুর্শিদাবাদে ভোটগ্রহণ চলাকালীন উত্তেজনা
বৃহস্পতিবার মুর্শিদাবাদে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন একাধিক জায়গায় উত্তেজনা তৈরি হয়। ডোমকল বিধানসভা কেন্দ্রের রায়পুরের ২১৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে সিপিআইএম কর্মী ও সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে বুথের আশপাশ থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এর ফলে বহু ভোটার আতঙ্কিত হয়ে পড়েন এবং ভোটদান থেকে বিরত থাকতে বাধ্য হন। এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। জওয়ানরা টহল জোরদার করেন এবং আতঙ্কিত ভোটারদের আশ্বস্ত করেন। এরপর নিরাপত্তা বলয়ে সাধারণ মানুষকে ফের বুথে নিয়ে যাওয়া হয়। যাতে তাঁরা নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
ভরতপুরে বুথে ‘ভুয়ো এজেন্ট’
ভরতপুর বিধানসভা কেন্দ্রের প্রসাদপুর গ্রামের ১৮৬ নম্বর বুথে ‘ভুয়ো এজেন্ট’ থাকার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুথ পরিদর্শনে গিয়ে একেবারে রণংদেহী মেজাজে দেখা যায় বিজেপি (BJP) প্রার্থী অনামিকা ঘোষকে। বুথের মধ্যেই প্রিসাইডিং অফিসারের সঙ্গে তাঁর তুমুল বচসা শুরু হয়। বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁদের নিযুক্ত বুথ এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়। এরপর সেই জায়গায় বসানো হয় এক সাধারণ ভোটারকে, যিনি তৃণমূল কংগ্রেসের কর্মী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


