2026 West Bengal Legislative Assembly election: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে। রাজ্যের বিভিন্ন জেলায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে। বিক্ষিপ্ত অশান্তি, হিংসা, ভোটে বাধার অভিযোগ উঠলেও, মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।
KNOW
West Bengal Elections 2026: এবারও রাজ্যে ভোটে প্রাণহানি এড়ানো গেল না। তবে ভোটে হিংসা, অশান্তি বা সন্ত্রাসের কারণে নয়, আবহাওয়ার কারণে প্রাণ হারালেন অন্তত চার জন। চার জেলায় ভোট দিতে গিয়ে প্রবল গরমে অসুস্থ হয়ে পড়ে চার জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মালদা ও বীরভূমে চার জনের মৃত্যু হয়েছে। পটাশপুরে নৃপেন্দ্র দাস, কেশপুরে ইসরাতন বিবি, মালতীপুরে প্রমিলা বাগদি এবং সিউড়িতে অসীম রায় নামে চার ভোটার প্রাণ হারিয়েছেন। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দুই মেদিনীপুর, বীরভূম ও মালদায় প্রবল তাপমাত্রা ও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে ভোট দিতে গিয়ে চার জনের প্রাণ গেল।
ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বামনবাড় জুনিয়র হাইস্কুলে ২৩৪ নম্বর বুথে সকালে ভোটারদের লম্বা লাইন ছিল। সেখানেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন ৫৮ বছর বয়সি নৃপেন্দ্র দাস। আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। এই ভোটার সংজ্ঞা হারান। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সীমা গেরিয়া অঞ্চলে ভোট দিয়ে বাইরে আসার পর মৃত্যু হয় ইসরাতন বিবি নামে এক মহিলার। তাঁর স্বামী শেখ নবাবজান আলির নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এই কারণে উদ্বিগ্ন ছিলেন ইসরাতন। এদিন একাই ভোট দিতে যান এই মহিলা। তিনি ভোট দেওয়ার পরেই অসুস্থ বোধ করেন। এরপর তাঁর মৃত্যু হয়।
ভোট দিতে যাওয়ার পথে ব্রেন স্ট্রোক
মালদা জেলার মালতীপুরে এদিন সকাল ১১টা নাগাদ ভোট দিতে গিয়ে বুথের মধ্যেই মাথা ঘুরে পড়ে যান প্রমিলা বাগদি নামে এক মহিলা। তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে বুথ থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। বীরভূমের সিউড়ির ১০ নম্বর ওয়ার্ডে ভোট দিতে যাওয়ার পথে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ডাঙালপাড়ার বাসিন্দা অসীম রায়ের। তিনিও প্রাণ হারান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


