- Home
- West Bengal
- West Bengal Elections 2026: রাজ্যের এই দশ আসনে হারলে তৃণমূলের ভরাডুবি নিশ্চিত, বলছে ভোটের অঙ্ক
West Bengal Elections 2026: রাজ্যের এই দশ আসনে হারলে তৃণমূলের ভরাডুবি নিশ্চিত, বলছে ভোটের অঙ্ক
ভোট দুয়ারে কড়া নাড়ছে। তৃণমূলের দাবি ২০০টি-র বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরবে। বিজেপির পাল্টা দাবি ক্ষমতায় আসার। দেখা যাক কোনও আসনগুলিতে হারলে ধরে নিতে হবে ভরাডুবি হচ্ছে তৃণমূলের। বিজেপিকে বড় কিছু করতে হলে দিদির গড় হয়ে ওঠা এই আসনগুলিতে জিততে হবে।

১) বালিগঞ্জ
Ballygunge Assembly Elections 2026
রাজ্যের হেভিওয়েট প্রাক্তন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়ের কেন্দ্র। সুব্রত মুখোপাধ্য়ায়ের মৃত্যুর পর এই আসনে উপনির্বাচনে জিতে রাজ্যের মন্ত্রী হন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়। বাবুলকে এবার তৃণমূল রাজ্যসভায় পাঠিয়েছে। তার বদলে দলের বর্ষীয়ান নেতা শোভন দেব চট্টোপাধ্য়ায়কে দাঁড় করিয়েছে তৃণমূল। বালিগঞ্জে গত চারটি বিধানসভা নির্বাচন, ও লোকসভা নির্বাচনে তৃণমূল বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে।
বাবুল ভোটে দাঁড়ানোয় দলীয় কোন্দলে বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের মার্জিন কমে গিয়েছিল। রাজ্যজুড়ে যদি চমকপ্রদ ভাল ফল করতে হয় বিজেপিকে এই আসনে হারাতে হবে তৃণমূলকে। বালিগঞ্জে এবার বিজেপির প্রার্থী শতরূপা। গতবার বিধানসভা ভোটে বালিগঞ্জে বিজেপির ভোটপ্রাপ্তি হার ছিল প্রায় ২১ শতাংশ, সেখানে তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায় পেয়েছিলেন ৭১ শতাংশের কাছাকাছি ভোট। বালিগঞ্জে এবার লড়াইয়ে আছেন সিপিএমের তরুণী মুখ আফরিন বেগম (শিল্পী)।
২) নাকাশিপাড়া, নদিয়া
Nakashipara Assembly constituency
নদিয়ার এই আসনে গত ২৫ বছর ধরে তৃণমূলের বিধায়ক আছে। তিনি কল্লোল খাঁ। রাজ্যে পালাবদলের পর থেকে নদিয়া জেলায় বেশ কিছু জায়গায় তৃণমূলের ভোটব্য়াঙ্কে চিড় ধরেছে। কিন্তু নাকাশিপাড়ায় বাম আমলেও যেভাবে জিততেন, দিদির জমানাতেও সেভাবেই জেতেন তৃণমূলের কল্লোল খাঁ। মহুয়া মৈত্র-র লোকসভা কেন্দ্রের এই বিধানসভা আসনে ডাবল হ্য়াটট্রিকের লক্ষ্যে এবার নামছেন কল্লোল।
তৃণমূলের একদা দুর্ভেদ্য দুর্গ নাকাশিপাড়া বিধানসভায় এবার লড়াইয়ের সমীকরণ বদলেছে। বিজেপির ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তিতে এবার পালাবদলের ইঙ্গিত রয়েছে। তবে একথা বলাই যায় নাকাশিপাড়া থেকে তৃণমূলের হারের খবর হলে ধরতে হবে, রাজ্যে ভাল ফল করতে চলেছে গেরুয়া শিবির।
৩) বজবজ, দক্ষিণ ২৪ পরগণা
Budge Budge Assembly Elections 2026
দক্ষিণ ২৪ পরগণার তৃণমূলের মজবুত ঘাঁটি। ১৯৯৬ সাল থেকে বজবজে টানা ৬ বার জিতে বিধায়ক হয়ে নজির গড়া ৭৬ বছরের অশোক দেব এবারও এখান থেকে তৃণমূলের প্রার্থী। ১৯৯৬-এ কংগ্রেসের টিকিটে সিপিএমের দীপক মুখার্জিকে হারিয়ে প্রথমবার বজবজের বিধায়ক হয়েছিলেন অশোক দেব। তারপর তৃণমূলে যোগ দিয়ে টানা ৫টা বিধানসভা ভোটে জিতেছেন। বাম জমানাতেও তাঁকে রোখা যায়নি। দিদি সরকারে আসার পর অশোক দেবের ভোটের মার্জিন বেড়েছে। বজবজে অশোক দেব হারলে ধরে নিতে হবে গোটা রাজ্যে পদ্ম ফুটতে চলেছে। অন্তত ভোটের অঙ্ক তেমনই বলে।
৪) হাওড়া মধ্য
Howrah Central Assembly Elections 2026
রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের কেন্দ্র। এই আসনে গত পাঁচটি বিধানসভা ভোটের মধ্যেই চারবারই জিতেছে তৃণমূল। শুধু ২০০৬ বিধানসভা নির্বাচনে হাওড়া মধ্য়ে জিতেছিলেন সিপিএমের প্রার্থী। এবার হাওড়া মধ্য আসনে টানা চারবার বিধায়ক হওয়ার লড়াইয়ে অরূপ রায়। মূল প্রতিপক্ষ বিজেপির বিপ্লব মণ্ডল। এই আসনে বিজেপি জিতলে রাজ্যজুড়ে যে গেরুয়া বিপ্লব হতে চলেছে তা নিয়ে অনেকটাই নিশ্চিত বিশেষজ্ঞরা।
৫) বেহালা পশ্চিম, কলকাতা পুরসভা
Behala West Assembly Elections 2026
বেহালার এই আসনটি একেবারে তৃণমূল গড়। ২৫ বছর ধরে এখানে তৃণমূলের বিধায়ক। সেটা আলাদা কথা যে গত তিন বছর ধরে এখানকার হেভিওয়েট মন্ত্রী-বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি মামলায় জেলে ছিলেন। এবার আর পার্থকে টিকিট দেয়নি তৃণমূল। তাঁর পরিবর্তে এবার বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী রত্না চট্টোপাধ্য়ায়। যিনি গতবার বেহালা পূর্ব থেকে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন।
রত্না আবার কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির প্রাক্তন স্ত্রী। পাশাপাশি বেহালা পশ্চিমের ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। বিজেপি এখানে প্রার্থী করেছে ডাক্তার ইন্দ্রনীল খাঁ-কে, সিপিএম দাঁড় করিয়েছে দলের প্রাক্তন কাউন্সিলর নীহার ভক্তকে। একটা কথা পরিষ্কার বেহালা পশ্চিমে তৃণমূলের হার মানে বঙ্গে দিদির বড় চাপ। অন্তত ভোটের হিসাব তো তাই বলছে।
৬) হাবরা
Habra Assembly Elections 2026
রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের কেন্দ্র। বালুর আসনে গত বেশ কয়েকটি বিধানসভা ভোটে জিতে আসছে তৃণমূল। তবে লোকসভা ভোটে হাবরায় ভাল ভোট পায় বিজেপি। এবার হাবরায় জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে দেবদানস মণ্ডলকে। দিদির প্রিয় জ্যোতি হারলে এবারের ভোটে তৃণমূলে আঁধার নামতে পারে। ভোটের অঙ্ক তাই বলে।
৭) ডায়মন্ড হারবার
Diamond Harbour Assembly Elections 2026
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গড়। এই আসনে বিজেপি জিতে গেলে ধরে নিতে হবে রাজ্যজুড়ে গেরুয়া ঝড় উঠবে। তৃণমূল এখানে দাঁড় করিয়েছে পান্নালাল হালদার-কে, বিজেপির প্রার্থী দীপক হালদার। গতবার তৃণমূলের পান্নালাল হালদার প্রায় ১৭ হাজার ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে হারিয়েছিলেন দীপক হালদারকে। এবারও হালদার দ্বৈরথ।
৮) সিঙ্গুর
Singur Assembly Elections 2026
বাম আমলেও সিঙ্গুর ছিল তৃণমূলের নিরাপদ ঘাঁটি। রবীন্দ্রনাথ ভট্টাচার্যর পরিবর্তে এখন সিঙ্গুরে তৃণমূলের হয়ে জিতছেন দাপুটে মন্ত্রী বেচারাম মান্না। টাটার চলে যাওয়া ও দিদির আন্দোলনের প্রতীক সিঙ্গুরে তৃণমূল হারলে রাজ্যজুড়ে পালাবদলের হাওয়া যে প্রবল তা ধরে নিতে হবে। ২০১৯ লোকসভা ভোটে হুগলি লোকসভায় জেতা বিজেপির লকেট চট্টোপাধ্য়ায়ব সিঙ্গুর থেকে ভাল লিড পেয়েছিলেন। ৬ বছর পর সিঙ্গুরে তেমন ফল হবে কি?
৯) নৈহাটি
Naihati Assembly Elections 2026
একেবারে তৃণমূলের ঘাঁটি। গত পাঁচটি বিধানসভা ভোটে জিতেছে জোড়া ফুল। নৈহাটি বিধানসভা থেকে বারবার জিতেই বারাকপুর লোকসভায় টিকিট পেয়ে সাংসদ হন তৃণমূলের পার্থ ভৌমিক। পার্থর নৈহাটিতে এখন তৃণমূলের বিধায়ক সনত দে। তিনিই আবার তৃণমূলের প্রার্থী। বিজেপির রূপক মিত্র যদি নৈহাটিতে জিতে যান, তাহলে ধরে নিতে হবে রাজ্যজুড়ে তৃণমূলের পরাস্ত হওয়ার খবর আসবে।
১০) ভবানীপুর
Bhabanipur Assembly Constituency
একেবারে প্রতীকী। মমতা বনাম শুভেন্দু। মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা। একেবারে সম্মুখ সমরে। গতবার নন্দীগ্রামে হারলেও রাজ্যজুড়ে ২১৩টি আসনে জিতে ক্ষমতায় ফিরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার নিজের গড় ভবানীপুরে হারলে মমতা রাজ্যে ক্ষমতায় ফিরবেন এমন গ্যারান্টি দেওয়া যায় কি? ভোট বিশেষজ্ঞরা হিসেব কষে কী বলেন জানা নেই, কিন্তু ভবানীপুরে মমতার হার রাজ্যে তৃণমূল জমানার পতনের ইঙ্গিত হতে পারে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

