Suvendu Adhikari: ভোটের দিক যত কাছে আসছে, নন্দীগ্রামে ততই তার প্রতি মানুষের সমর্থন বাড়ছে। এমন দাবিই করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পাশাপাশি শুভেন্দুর দাবি, এবার নন্দীগ্রামে তৃণমূলের পবিত্র কর তৃতীয় স্থানে শেষ করবেন।
Suvendu Adhikari: ভোটের দিক যত কাছে আসছে, নন্দীগ্রামে ততই তার প্রতি মানুষের সমর্থন বাড়ছে। এমন দাবিই করলেন নন্দীগ্রামের বিদায়ি বিধায়ক তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পাশাপাশি শুভেন্দুর দাবি, এবার নন্দীগ্রামে তৃণমূলের পবিত্র কর তৃতীয় স্থানে শেষ করবেন। প্রার্থী তালিকা ঘোষণা হতেই তৃণমূল শিবিরে দিকে দিকে ক্ষোভ-বিক্ষোভের ছবি ধরা পড়ছে। পবিত্র করকে প্রার্থী করায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িকও পড়েছে। আর এসব দেখে রাজ্যের বিরোধী দলনেতা মনে করছেন, এবার নন্দীগ্রামে দ্বিতীয় ও তৃতীয় হওয়ার লড়াইয়ে তৃণমূলকে টেক্কা দেবে নওশাদ সিদ্দিকি-র আইএসএফ। প্রসঙ্গত, নন্দীগ্রামে এবার ISF প্রার্থী হয়েছেন মৌলানা মহম্মদ সবে মিরাজ খান।
এবার নন্দীগ্রামে পঞ্চমুখী লড়াই
বিজেপি, তৃণমূল, ISF-এর পাশাপাশি এবার নন্দীগ্রামে বামফ্রন্ট সমর্থিত সিপিআই, হুমায়নু কবীরের জেইউপি-র প্রার্থীরাও থাকছেন। নন্দীগ্রামে সিপিআইয়ের হয়ে দাঁড়িয়েছেন শান্তি গিরি। এই কেন্দ্রে বামেদের সঙ্গে জোট হয়নি নওশাদ সিদ্দিকির দলের। ২০১১-র আগে নন্দীগ্রামে সিপিআইয়ের বিধায়ক ছিল। দশ বছর পর নন্দীগ্রামে ফের সিপিআইয়ের প্রার্থী থাকছে। এর বাইরে তমলুক লোকসভার এই হাইপ্রোফাইল বিধানসভা আসনে আলাদা করে প্রার্থী দাঁড় করিয়েছে হুমায়ুন কবীরের পার্টিও। জনতা উন্নয়ন পার্টির হয়ে নন্দীগ্রামে দাঁড়িয়েছেন শাহিদুল হকও। এখনও প্রার্থী ঘোষণা না করলেও কংগ্রেসও নন্দীগ্রামে তাদের দলের এক দাপুটে নেতাকে দাঁড় করাতে পারে।
তৃণমূলের সংখ্যালঘু ভোটব্য়াঙ্কে ধস নামবে, আশায় শুভেন্দু
বিজেপির আশা, নন্দীগ্রামে এবার তৃণমূলের সংখ্যালঘু ভোটব্য়াঙ্কে ব্যাপক ধস নামাবে আইএসএফ, ও হুমায়ন কবীরের দল। গত বিধানসভায় শুভেন্দু প্রায় দেড় হাজার ভোটে হারিয়েছিলেন মমতাকে। ২০২৪ লোকসভায় নন্দীগ্রাম থেকে বিজেপির লিড বেড়ে হয়েছে সাড়ে ৭ হাজারের কাছাকাছি। গত বিধানসভায় নন্দীগ্রামে মমতা-শুভেন্দু দ্বৈরথে সিপিএম প্রার্থী হয়ে লড়ে মীনাক্ষী মুখোপাধ্যায় মাত্র ২.৭৪ শতাংশ ভোট পেয়ে জামানত জব্দ হয়েছিল।
নন্দীগ্রামে পদযাত্রায় শুভেন্দু
রামনবমী উপলক্ষে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকিনাথ মন্দির অবধি ৪ কিলোমিটার পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদযাত্রা ও প্রচারের কাজ পাশাপাশি সারার পর তিনি প্রসাদ বিতরণ করলেন ভক্তদের মধ্যে। পরে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু! উত্তরবঙ্গে তৃণমূলের গৌতম দেবের জয় শ্রীরাম স্লোগান দেওয়ার বিষয় নিয়ে শুভেন্দু বলেন, প্র্যাকটিস করছে,আগামী ৪ মে-র পর ভগবান রামের চরণে ওদের আশ্রয় নিতে হবে। গৌতম দেব-কে বলব আপনার মালিককে একটু বোঝান"। জ্বালানি সংকটে প্রধানমন্ত্রীর জরুরী ঘোষণা নিয়ে শুভেন্দু বলেন,"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জানেন কি করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকার কে সাহায্য করা উচিত।"


