West Bengal First Phase Election: দেখতে দেখতে দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

West Bengal First Phase Election: দেখতে দেখতে দুয়ারে কড়া নাড়ছে রাজ্যের বিধানসভা নির্বাচন। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। পাহাড় সহ উত্তরবঙ্গের সব কটি জেলা, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার সব কটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে প্রথম দফায়। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটে লড়ছেন মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে বাংলায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে নির্বাচন কমিশন।। প্রথম দফায় কোচবিহার দক্ষিণ এবং ইটাহার আসনে সবচেয়ে বেশি প্রার্থী ভোটে লড়ছেন। এই দু'টি আসনের প্রতিটিতে প্রার্থী সংখ্যা ১৫। সবচেয়ে কম প্রার্থী রয়েছে চন্দ্রকোণা (এসসি) কেন্দ্রে। সেখানে পাঁচজন প্রার্থী লড়ছেন। এক নজরে দেখা যাক প্রথম দফায় কারা ফেভারিট।

প্রথম দফার হাইপ্রোফাইল কেন্দ্রগুলি

প্রথম দফায় হাইপ্রোফাইল কেন্দ্রগুলির মধ্য়ে রয়েছে- নন্দীগ্রাম (শুভেন্দু অধিকারী), খড়গপুর সদর (দিলীপ ঘোষ), আসানসোল দক্ষিণ (অগ্নিমিত্রা পাল), আসানসোল উত্তর (মলয় ঘটক), বহরমপুর (অধীররঞ্জন চৌধুরী), দিনহাটা (উদয়ন গুহ), শিলিগুড়ি (শঙ্কর ঘোষ বনাম গৌতম দেব), মাথাভাঙা (নিশীথ প্রামাণিক), বালুরঘাট (অর্পিতা ঘোষ), হরিরামপুর (বিপ্লব মিত্র), মালতিপুর (মৌসম বেনজির নূর), হাসান (কাজল শেখ), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), ময়না (অশোক দিন্দা)।

প্রথম দফার ১৫২টি আসনে কোন দলের কী লক্ষ্য

তৃণমূলের লক্ষ্য অন্তত ৯০-১০০টি আসনে জয়। বিজেপির সেখানে প্রথম দফায় ১১০টি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী। কংগ্রেস চাইছে অন্তত ১০টি আসনে জিততে। বামেদের চোখ অন্তত ৫টি আসনে। তৃণমূল উত্তরবঙ্গ থেকে অন্তত ২৫টি, মুর্শিদাবাদে ২০টি, অবিভিক্ত মেদিনীপুর (ঝাড়গ্রাম সহ) থেকে ২৪টি, বাঁকুড়া ও পুরুলিয়া থেকে অন্তত ১৫টি, পশ্চিম বর্ধমান থেকে ৬টি ও বীরভূমের সব কটি মানে ১১টি আসনেই জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে। তৃণমূলের লক্ষ্য হল, প্রথম দফায় ভাল ফল করে ২৯ এপ্রিল দ্বিতীয় দফার দিকে ঝাঁপানো।

বিজেপির বড় আশা উত্তরবঙ্গ, বাঁকুড়া-পুরুলিয়া

বিজেপি সেখানে উত্তরবঙ্গে থেকে ৪০টির বেশি আসনে জয়। দার্জিলিং, আলিপুরদুয়ারে এবারও তৃণমূলকে শূন্য করা যাবে বলে আশাবাদী বিজেপি। মুর্শিদাবাদ, মালদা, বীরভূমে এবার অপ্রত্যাশিত ভাল ফলের আশা করছেন শমীক ভট্টাচার্য-রা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে এবার গতবারের থেকে অনেক ভাল ফল হবে বলেও আশা গেরুয়া শিবিরের। বিজেপির এবার সবচেয়ে বেশি প্রত্যাশা পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া নিয়ে। কংগ্রেস সেখানে হিসেব করছে, মুর্শিদাবাদে বহরমপুর সহ ৫টি ও মালদার অন্তত ৫টি আসনে জয়ের বিষয়ে। উত্তর দিনাজপুর নিয়েও কংগ্রেসের আশা অনেক।

উত্তরবঙ্গ কার

প্রথম দফাতেই দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলির ভোটগ্রহণ হয়ে যাবে। উত্তরবঙ্গের ৫৪টি আসন এবার রাজ্য দখল কে করবে তার উত্তর দিয়ে দিতে পারে। বিজেপির মজবুত গড় উত্তরবঙ্গে এবার খুব কঠিন লড়াই। বিজেপির আশা উত্তরবঙ্গ থেকে ৪০টির বেশি আসন জেতা যাবে। সেখানে তৃণমূল উত্তরবঙ্গে বিজেপির থেকে বেশী আসন পেতে ঝাঁপিয়েছে। রাজ্যে কংগ্রেসকে ভাল ফল করতে হলে উত্তরবঙ্গে অন্তত ৫-৭টি আসন জিততেই হবে। সেই দিকেই তাকিয়ে হাত শিবির। বামফ্রন্টও জানে খাতা খুলতে হলে উত্তরবঙ্গে ফল করতে হবে। উত্তরবঙ্গে বিজেপির পক্ষ থাকতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার আসনগুলি। দুই দিনাজপুরে দুই ফুলের মধ্য়ে জোর টক্কর। তবে উত্তর দিনাজপুরের কিছু আসনে কংগ্রেস লড়াইয়ে থাকবে। মালদায় এবার বিজেপি দারুণ ফল করতে পারে। গনি গড়ে এবার ধাক্কা খেতে পারে রাজ্যের শাসক দল। কোচবিহারে লড়াই ৫০:৫০।

জঙ্গলমহল, পশ্চিম বর্ধমানে কে জিতবে

মুর্শিদাবাদে তৃণমূলের একচেটিয়া সংখ্য়ালঘু ভোটে থাবা বসাতে চলেছে কংগ্রেস, সিপিএম, হুমায়ুন কবীরের জেইউপি। ফলে নবাবের জেলায় চাপে আছে রাজ্যের শাসক দল। প্রথম দফায় হতে চলা জঙ্গলমহলের ঝাড়গ্রামের ভোটে এবার সহজ হবে না তৃণমূলের লড়াই। পশ্চিম মেদিনীপুরের ১৫টি আসনে গোষ্ঠীদ্বন্দ্ব চাপে রাখছে রাজ্যের শাসক দল। পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর সাজানো সংগঠনে ভর করে বিজেপি এবার বড় সাফল্য পেতে পারে। পুরুলিয়ায় এবারও বিজেপির দাপট অব্যাহত থাকতে পারে। বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে লড়াই ৫০:৫০। সব মিলিয়ে রাজ্যে প্রথম দফার ভোটে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় রয়েছে পদ্মশিবির। এসআইআর-এর কারণে তৃণমূলের চিন্তা আরও বেড়েছে।