- Home
- West Bengal
- Attendance Rules: এবার মোবাইল অ্যাপে হাজিরা দিতে হবে সরকারি কর্মচারীদের, কবে থেকে চালু?
Attendance Rules: এবার মোবাইল অ্যাপে হাজিরা দিতে হবে সরকারি কর্মচারীদের, কবে থেকে চালু?
সরকারি কর্মীদের হাজিরা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে আর হাজিরা খাতায় সই করে অফিসে উপস্থিতি জানানোর সুযোগ থাকছে না। তার বদলে মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে হবে কর্মী ও আধিকারিকদের।

সরকারি কর্মীদের হাজিরা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে আর হাজিরা খাতায় সই করে অফিসে উপস্থিতি জানানোর সুযোগ থাকছে না। তার বদলে মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা দিতে হবে কর্মী ও আধিকারিকদের। কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের অধীন সমস্ত কর্মী-আধিকারিকের জন্য এই নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি এই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করেছে সংশ্লিষ্ট দফতর। সেখানে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন হাজিরা ব্যবস্থা কার্যকর হবে। অর্থাৎ, নির্দিষ্ট দিন থেকে দফতরের কর্মীদের উপস্থিতি নথিভুক্ত করতে ব্যবহার করতে হবে মোবাইল অ্যাপ। মোবাইল অ্যাপ-ভিত্তিক ‘ফেসিয়াল রিকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেম’ বা ‘এফআরবিএএস’ ব্যবস্থায় হাজিরা দিতে হবে।
দৈনন্দিন উপস্থিতি বাধ্যতামূলকভাবে রেকর্ড করতে হবে। সরকারি বিধি ও নির্দেশাবলি অনুযায়ী, ‘এফআরবিএএস’-এর মাধ্যমে প্রাপ্ত উপস্থিতির রেকর্ড দেরিতে আসা, অনুপস্থিতি, ছুটি এবং অন্যান্য সংশ্লিষ্ট পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি পর্যবেক্ষণ ও মূল্যায়নের ভিত্তি হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, অ্যাপে মুখ দেখিয়ে হাজিরা না দিলে বেতন বা ছুটির ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন কর্মীরা।
কীভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা? নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে কর্মীদের মুখের ছবি শনাক্ত করা হবে। মুখের ছবি সফলভাবে শনাক্ত হলেই হাজিরা হিসেবে তা গণ্য হবে। ফলে অন্য কারও হয়ে হাজিরা দেওয়া কিংবা হাজিরা খাতায় অনিয়মের সুযোগ অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক মহলের মতে, সরকারি দফতরে স্বচ্ছতা বজায় রাখা এবং কর্মীদের উপস্থিতির উপর নজরদারি আরও জোরদার করতেই এই উদ্যোগ। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে হাজিরা ব্যবস্থাকে আরও আধুনিক করার লক্ষ্যেই এই পদক্ষেপ। কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে থাকা সমস্ত ডিরেক্টরেট এবং প্যারাস্ট্যাটাল সংস্থাকে অবিলম্বে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রযুক্তিগত পদক্ষেপ করতে বলা হয়েছে।
তবে আপাতত কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের অধীন কর্মী-আধিকারিকদের ক্ষেত্রেই এই নিয়ম চালু হচ্ছে। শিক্ষক-অশিক্ষক কর্মীদেরও আনা হবে এই ব্যবস্থার আওতায়। ভবিষ্যতে রাজ্যের অন্যান্য সরকারি দফতরেও একই ধরনের মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে হাজিরা ব্যবস্থা চালু করা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। ফলে ১ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট দফতরের কর্মীদের জন্য অফিসে হাজিরা দেওয়ার পদ্ধতিতে আসছে বড় পরিবর্তন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.