কালো করে আসছে আকাশ! আর ঘন্টা দুইয়ের মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি! কোন কোন জেলায়?
বৈশাখের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অর্থাৎ কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের আবহাওয়ায় বদলের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ঝড়বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD)। দিনভর আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে বলেও জানানো হয়েছে।
আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ার কিছু অংশে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হাওয়ার গতি কিছুটা কম, প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতায় (Kolkata Weather Update) আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর বা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে মাঝারি গতির হাওয়া বইবে, যা সাময়িক স্বস্তি দিলেও ঝোড়ো হাওয়ার ঝাপটাও অনুভূত হতে পারে।
কলকাতায় দিনের তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। এই পরিস্থিতিতে বৃষ্টিপাত সাময়িক স্বস্তি দিলেও ভ্যাপসা আবহাওয়া পুরোপুরি কাটবে না।
উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহারে আজ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সব এলাকায় হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাস এবং উপরের বায়ুমণ্ডলের পরিবর্তনের ফলে এই ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের কিছু জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির আকারে দেখা যেতে পারে।
কলকাতা ও আশপাশের এলাকায় মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন এই আবহাওয়া চলতে পারে। এতে তাপমাত্রা সামান্য কমলেও গরম পুরোপুরি কমার সম্ভাবনা কম।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

