AITC Leader Arrested: তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, জোরজুলুমের অভিযোগ নতুন কিছু নয়। বিশেষ করে উত্তর ২৪ পরগনার হাবড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। সরকার বদলের পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
KNOW
West Bengal Police: তোলাবাজির অভিযোগে এক তৃণমূল কংগ্রেস (AITC) নেতাকে গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তারক দে। তিনি হাবড়ায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে টোটো ও অটো রিকশা চালকদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা নেওয়া ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারকের বাড়ি হাবড়ার অরবিন্দ রোড অঞ্চলে। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁর বিরুদ্ধে তোলাবাজি -সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারক হাবড়া শহরের বিভিন্ন টোটো ও অটো ইউনিয়নের মাথায় ছিলেন। অটো ও টোটো চালকদের কাছ থেকে তিনি নিয়মিত মাসোহারা নিতেন বলে অভিযোগ।

তারকের বিরুদ্ধে ক্ষোভ
আইএনটিটিইউসি নেতা তারকের বিরুদ্ধে ব্যবসায়ীদেরও ক্ষোভ রয়েছে। অতীতে হাবড়া উৎসবের নাম করে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল টাকা নিয়েছেন। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় থাকায় এবং মাথার উপরে জ্যোতিপ্রিয়র হাত থাকায় তাঁর বিরুদ্ধে কেউ অভিযোগ দায়ের করতে সাহস পাননি। এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2026) বিজেপি (BJP) জয়লাভ করার পর থেকে তারকের বিরুদ্ধে অটো-টোটো চালকরা সোচ্চার হতে শুরু করেন। শনিবার হাবড়ার ফুলতলা এলাকার এক টোটো চালক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে সোমবার গভীর রাতে বারাসতের টাকি রোড সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকা থেকে তারককে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার থানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় হাবড়ার বিভিন্ন অঞ্চলের মানুষ 'চোর চোর' স্লোগান দিতে থাকেন। অভিযোগ, ফুলতলা-হাবড়া অটো-টোটো রুটের প্রত্যেক চালকের কাছ থেকে তারক প্রতি মাসে ৩০০ টাকা করে নিতেন।
তারকের পাশে নেই দল
তারকের গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ সমাদ্দার বলেছেন, 'হাবড়ার বহু মানুষ তৃণমূল করেন। কিন্তু সবাইকে তো পুলিশ গ্রেফতার করছে না। আসলে যাঁরা দলকে ব্যবহার করে অন্যায় কাজ করেছেন, গরিব মানুষের উপর অত্যাচার করেছেন, পুলিশ তাঁদেরই গ্রেফতার করছে। তারক গরিব টোটো-অটো চালকদের কাছ থেকে বহু টাকা নিয়েছেন। শুনেছি তাঁরাই অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


