2026 West Bengal Legislative Assembly election: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় হিংসা ছড়িয়ে পড়েছে। এবার হাওড়ার শিবপুরও উত্তপ্ত হয়ে উঠল। শিবপুরের চড়া বস্তি অঞ্চল দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত। রাজ্যে নতুন সরকার শপথ গ্রহণ করার আগে চড়া বস্তিতে ফের দুষ্কৃতীদের দাপট দেখা গেল।
KNOW
West Bengal Police: রাজ্যে শাসন ক্ষমতায় বদল এলেও, তৃণমূল কংগ্রেস (AITC) আশ্রিত দুষ্কৃতীদের দাপট কমছে না। বিভিন্ন জায়গায় বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বৃহস্পতিবার হাওড়ার শিবপুরের চড়া বস্তিতে বিজেপি-র সংখ্যালঘু সেলের নেতা মনোজ খানকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল। বোমাবাজির পাশাপাশি ইটবৃষ্টিও হয়। এমনকী, দোকান ভাঙচুরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। বোমা ও ইটের আঘাতে বেশ কয়েকজন জখম হয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ বিজেপি-র। হিংসাত্মক পরিস্থিতি তৈরি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ। এই ঘটনায় শিবপুর অঞ্চলে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, এরপর আরও অশান্তি, গোলমাল হতে পারে।
দুপুরবেলা হিংসা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হঠাৎই স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শামিম আহমেদের নেতৃত্বে দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। পরপর বোমা ও ইট ছুড়তে থাকে তারা। এর ফলে ওই অঞ্চল ধোঁয়ায় ঢেকে যায়। বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ক্যুইক রেসপন্স টিমও পাঠানো হয়। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা শিবপুর থানা ঘেরাও করেন।
ভোটের ফল প্রকাশের পর থেকে রাজ্যজুড়ে হিংসা
ভোটের ফল প্রকাশের পর থেকে বিভিন্ন জেলায় হিংসা ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে। পানিহাটিতে জয়ী প্রার্থী রত্না দেবনাথের বাড়ির কাছে বোমাবাজির অভিযোগ উঠেছে। কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন। শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। তার আগে রাজ্যজুড়ে হিংসার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


