পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এই প্রতিবেদনে তাঁর ব্যক্তিগত জীবন, বিশেষ করে তাঁর অবিবাহিত থাকার কারণ সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা তিনি নিজেই এক জনসভায় প্রকাশ করেছিলেন।
আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাঁরা কবিগুরুর প্রতিকৃতিতে মালা দেন। এই ব্রিগেডেই আজ পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হল। আজ নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও অবিবাহিত। ৫৭ বছর বয়সী শুভেন্দু কি একাই কাটাবেন জীবন? বিয়ে করবেন না? এই প্রশ্নের মুখোমুখি হন বহুবার। আজ থেকে প্রায় ছয় বছর আগে এই নিয়ে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। সে সময় নিজের বিয়ে নিয়ে মন্তব্য করেছিলেন। ভরা সভায় বলেছিলেন, ‘অনেক জিজ্ঞেস করে, শুভেন্দু, আপনি এখনও অবিবাহিত কেন? আপনার ভাইদের তো বিয়ে হয়ে গিয়েছে?’
সে সময় অর্থাৎ ২০২০ সালের ডিসেম্বর এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন, ‘আজকের রাজনীতিবিদদের চোখে আমি অবিবাহিত নই। শুভেন্দুর পরিবার ছোট পরিবার নয়, পাঁচ, সাত বা আট সদস্যেরও নয়। শুভেন্দুর পরিবার একটি বাঙালি পরিবার। সমাজের জন্য সব কিছু ত্যাগ করতে হয়, আমার আদর্শ সতীশ সামন্ত ও সুশীল ধারা এটাই বলতেন। তাঁদের পথ অনুসরণ করে আমি অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
আজ ব্রিগেডে সভায় উপস্থিত ছিলেন দেশের একাধিক শীর্ষস্থানীয় নেতা। ছিলেন নরেন্দ্র মোদী। ছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ছিলেন। ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
এছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী। ছিলেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এন. চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। পুষ্কর সিং ধামি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। কনরাড সাংমা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী। ভূপেন্দ্র প্যাটেল, গুজরাটের মুখ্যমন্ত্রী। সম্রাট চৌধুরী, বিহারের উপ-মুখ্যমন্ত্রী। রাজ্যপাল আর.এন রবি ছিলেন।


