মেয়ের ডাক্তারি পরীক্ষায় সাফল্যের আনন্দে মেতেছিল পরিবার। কিন্তু পরের দিনই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বাড়ির ছাদে এমন কী ঘটেছিল, যার জেরে প্রাণ হারালেন ৪৭ বছরের মল্লিকা ঘোষ? মেয়েকে বাঁচাতে গিয়ে কী পরিণতি হল তাঁর বৃদ্ধা মায়ের? ঘটনা ঘিরে শোকের ছায়া রামপুরহাটে।
মেয়ের ডাক্তারি পরীক্ষায় সাফল্য। দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ায় আনন্দে আত্মহারা গোটা পরিবার। কিন্তু সেই খুশি বেশিক্ষণ স্থায়ী হল না। আচমকাই পরিবারে নেমে এল শোকের ছায়া। বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৪৭ বছরের এক মহিলার। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর বৃদ্ধা মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের হাসপাতাল পাড়া এলাকায়।
মৃত মহিলার নাম মল্লিকা ঘোষ। শনিবার সকালে বাড়ির ছাদে কাপড় মেলতে গিয়েছিলেন তিনি। ওই ছাদের উপর দিয়েই গিয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার। সেই সময় ছাদে পড়ে থাকা একটি লোহার রড সরানোর চেষ্টা করেন মল্লিকাদেবী। আর তখনই ঘটে বিপত্তি। রডটি কোনওভাবে বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। মুহূর্তের মধ্যে ছাদেই লুটিয়ে পড়েন ওই মহিলা।
মেয়েকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে বাঁচাতে ছুটে যান তাঁর মা মঞ্জু ঘোষ। কিন্তু মেয়েকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনায় গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি দু'জনকেই উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মল্লিকা ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মা মঞ্জু ঘোষের চিকিৎসা চলছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মল্লিকাদেবীর মেয়ে ডাক্তারি পড়ুয়া। শুক্রবারই দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ভালো ফল করে উত্তীর্ণ হয়েছিল সে। মেয়ের সাফল্যে আনন্দে মেতেছিল গোটা পরিবার। কিন্তু তার পরের দিনই এমন মর্মান্তিক ঘটনায় সব আনন্দ নিমেষে শেষ হয়ে গেল। মা-কে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।










