Black Chickpea Dosa: রোজ এক দোসা খেতে একঘেঁয়ে লাগছে? চাল, ডাল ছাড়া কালো ছোলার দোসা ট্রাই করে দেখুন

Published : Nov 24, 2026, 07:30 PM IST
viral pink dosa

সংক্ষিপ্ত

সাধারণ দোসার একঘেয়েমি কাটাতে বাড়িতেই বানিয়ে ফেলুন হাই প্রোটিনে ভরপুর কালো ছোলার দোসা। এর সাথে দই ও শসার স্পেশাল চাটনি আপনার সকালের জলখাবারকে করবে আরও সুস্বাদু ও পুষ্টিকর।

ভারতীয়দের ঘরে সকালের জলখাবার হিসেবে দোসা খুব জনপ্রিয়। সাধারণত সাম্বার আর নারকেলের চাটনি দিয়ে এটা খাওয়া হয়। চাল আর ডাল দিয়ে মূলত দোসা তৈরি হয়। কিন্তু রোজ একই ধরনের জলখাবার খেয়ে যদি একঘেয়েমি লাগে এবং নতুন কিছু ট্রাই করতে চান, তাহলে কালো ছোলার দোসা একদম বেস্ট। এটা খেতেও যেমন ভালো, তেমনই হাই প্রোটিনে ভরপুর। আসুন দেখে নিই কীভাবে বানাবেন।

কালো ছোলার দোসা বানাতে যা যা লাগবে

½ কাপ কালো ছোলা

½ কাপ সুজি

¼ কাপ দই

১ ইঞ্চি আদার ৩টি পাতলা টুকরো

২টি কাঁচা লঙ্কা

৬-৭ কোয়া রসুন

১ ছোট চামচ গোটা জিরে

১ মুঠো ধনেপাতা

১টি কারিপাতার ডাল

১ কাপ জল

স্বাদমতো নুন

প্রয়োজনমতো তেল

দইয়ের চাটনি বানানোর উপকরণ

১ কাপ ঘন দই

১টি ছোট শসা

৫ কোয়া রসুন

২টি কাঁচা লঙ্কা

১ ছোট চামচ গোটা জিরে

১ মুঠো পুদিনা পাতা

১ মুঠো ধনেপাতা

১ চিমটে হলুদ

স্বাদমতো নুন

১ বড় চামচ সরষের তেল (যদি চান)

কীভাবে বানাবেন কালো ছোলার দোসা?

আগের দিন রাতে কালো ছোলা জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে জল ঝরিয়ে নিন।

এবার মিক্সার জারে ভেজানো ছোলা, আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে, নুন, ধনেপাতা, সুজি, দই, কারিপাতা আর জল দিয়ে ভালো করে বেটে নিন।

ব্যাটারের ঘনত্বের দিকে খেয়াল রাখবেন। ব্যাটার যেন খুব বেশি ঘন বা খুব পাতলা না হয়।

এবার তৈরি করা ব্যাটার অন্তত ২০ মিনিটের জন্য ঢেকে রাখুন।

এরপর গ্যাসে দোসার তাওয়া গরম করুন। দরকার হলে সামান্য তেল ব্রাশ করে নিন। তাওয়ার মাঝখানে এক হাতা ব্যাটার দিয়ে গোল করে পাতলা করে ছড়িয়ে দিন।

এবার দোসার ধার দিয়ে অল্প তেল ছড়িয়ে মাঝারি আঁচে সেঁকতে দিন।

দোসার নিচের দিকটা সোনালী রঙের ও মচমচে হয়ে এলে তাওয়া থেকে নামিয়ে নিন।

দইয়ের চাটনি বানানোর পদ্ধতি

চাটনি বানানোর জন্য প্রথমে রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর নুন শিলনোড়া বা মিক্সারে বেটে নিন।

এবার এর মধ্যে পুদিনা পাতা, ধনেপাতা আর এক চিমটে হলুদ দিয়ে আরও একবার ভালো করে বেটে নিন।

তারপর একটা বাটিতে দই নিয়ে তাতে তৈরি করা চাটনির মিশ্রণটা মেশান।

এবার শসা কোরানো দিয়ে দিন। চাইলে এক বড় চামচ সরষের তেল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিন।

তৈরি হয়ে গেল সুস্বাদু দইয়ের চাটনি। গরম গরম কালো ছোলার দোসার সঙ্গে এই দইয়ের চাটনি পরিবেশন করুন।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Hair Care: সাদা চুল কালো করার সহজ ৬টি ঘরোয়া উপায় জানুন
ডায়েটে রাখুন এই ১০টি খাবার, দূর হবে ভিটামিন সি-র ঘাটতি