
India vs Bangladesh: নানা জটিলতা এবং একাধিকবার স্থগিত হয়ে যাওয়ার পর কি শেষপর্যন্ত বাংলাদেশ সফরে যেতে পারে ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দল? ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে এই সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, বাংলাদেশের মাটিতে তিনটি ওডিআই ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলতে পারে ভারতীয় দল। যদিও এখনও পর্যন্ত বিসিসিআই (BCCI) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দুই বোর্ডের মধ্যে আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে শুবমান গিলরা (Shubman Gill) বাংলাদেশ সফরে যেতে পারেন।
বিসিসিআই ও বিসিবি-র মধ্যে আলোচনা হলেও, বাংলাদেশ সফরের জন্য উপযুক্ত সময় বের করা বেশ কঠিন হতে পারে। কারণ, ২০২৭ সালের ৩ থেকে ৯ জানুয়ারি দেশের মাটিতে জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। এরপর ২১ জানুয়ারি শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)। ফলে বাংলাদেশের সফর আয়োজন করতে হলে সূচিতে কিছু পরিবর্তন আনতে হতে পারে। কেন্দ্রীয় সরকার বিসিসিআই-কে বাংলাদেশে দল পাঠানোর অনুমতি দেবে কি না, সে বিষয়েও সংশয় রয়েছে। ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হলে তবেই এই সফরের অনুমতি দেবে কেন্দ্রীয় সরকার। প্রয়োজনীয় ছাড়পত্রের অপেক্ষায় বিসিসিআই। কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেলে তবেই বাংলাদেশ সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
২০২২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে গিয়েছিল ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দল। সেই সফরে তিনটি ওডিআই ম্যাচ এবং দু'টি টেস্ট ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। ২০২৭ সালের জানুয়ারিতে চার বছরেরও বেশি সময় পরে বাংলাদেশ সফরে যেতে পারে ভারতীয় দল। এর আগে গত বছরের জুলাইয়ে ভারতীয় দলের বাংলাদেশ সফর প্রথমবার পিছিয়ে দেওয়া হয়। এরপর চলতি বছরেও ভারতীয় দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সফরও হয়নি। আগামী বছরের প্রস্তাবিত সফরও হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।