Bangladesh vs West Indies First Test: ২৬ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। কিন্তু এখনও টেস্ট ক্রিকেটে শক্তিশালী দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই বাংলাদেশের জারিজুরি খতম হয়ে গেল। এই ম্যাচে সহজ জয় পেল ক্যারিবিয়ানরা।

DID YOU
KNOW
?
বাংলাদেশের পতন
কিছুদিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে জয় পেলেও, এবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে হেরে গেল বাংলাদেশ।

West Indies tour of Bangladesh, 2026: অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে আট উইকেটে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার ঢাকার (Dhaka) শেরে বাংলা স্টেডিয়ামে (Shere Bangla National Stadium) চতুর্থ দিন ১৭০ রানের টার্গেট অনায়াসে তাড়া করে আট উইকেটে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৭২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ১৭০ রান তুলে জয় পেল ক্যারিবিয়ানরা।

চতুর্থ দিনেই শেষ বাংলাদেশ

এই ম্যাচের তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ৭৯/৬। চতুর্থ দিন বাংলাদশের দ্বিতীয় ইনিংস বেশিদূর এগোয়নি। জোমেল ওয়ারিক্যানের (Jomel Warrican) বলে স্লিপে রস্টন চেজের (Roston Chase) হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকের আলি (Jaker Ali)। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালান নাইম হাসান (Nayeem Hasan)। তাঁর ব্যাট থেকে আসে ৫২ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের দাপটে শেষ পর্যন্ত ১৪২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখান চেজ। মাত্র ৩৬ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। টেস্ট ক্রিকেটে তিনি পঞ্চমবার কোনও ইনিংসে পাঁচ উইকেট নিলেন। দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন দুই ক্যারিবিয়ান ওপেনার জন ক্যাম্পবেল (John Campbell) ও ব্র্যান্ডন কিং (Brandon King)। বাংলাদেশের হয়ে শুরুতে স্পিন আক্রমণে ভরসা রেখেছিলেন মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) ও তাইজুল ইসলাম (Taijul Islam)। কিন্তু তাঁদের সামলাতে বিশেষ অসুবিধা হয়নি ক্যারিবিয়ান ওপেনারদের। দ্রুত ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাঝে বৃষ্টির কারণে কয়েকবার খেলা বন্ধ হলেও বিরতির পর একই ছন্দে রান তুলতে থাকেন দুই ব্যাটার। ১৯-তম ওভারে ক্যাম্পবেলের ক্যাচ ফেলেন নাজমুল হোসেন শান্ত। পরে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। শেষ পর্যন্ত শরিফুল ইসলামের বলে বোল্ড হয়ে ৪৯ রানে ফেরেন ক্যাম্পবেল। তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১১২। এরপর ত্যাগনারায়ণ চন্দ্রপল (Tagenarine Chanderpaul) এক রান করেই আউট হয়ে যান। তবে তাতে ম্যাচের ফলাফলে কোনও প্রভাব পড়েনি। কিং ও কাভেম হজ (Kavem Hodge) বাকি কাজটুকু সম্পন্ন করেন। ৮১ রানে অপরাজিত থেকে দলকে জয়ে পৌঁছে দেন কিং।

বাংলাদেশের হারে লাভ ভারতের

এই হারের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) পয়েন্ট তালিকায় এক ধাপ নেমে গেল বাংলাদেশ। অন্যদিকে, বাংলাদেশের পতনের সুযোগে এক ধাপ উপরে উঠে চতুর্থ স্থানে পৌঁছে গেল ভারত। ১১ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট পার্সেন্টেজ ৫১.৫১। বাংলাদেশ সাত ম্যাচ খেলে ৪৭.৬২ পয়েন্ট পার্সেন্টেজে দাঁড়িয়ে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।