
IPL 2026: টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) যেভাবে ব্যাটিং করেছিলেন, বৃহস্পতিবার আইপিএল-এর ম্যাচেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ঠিক সেভাবেই ব্যাটিং করলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। পার্থক্য একটাই, টি-২০ বিশ্বকাপে তাঁর ব্যাটিং দেখে সারা ওয়াংখেড়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। কিন্তু বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের (Mumbai Indians vs Chennai Super Kings) হয়ে এই উইকেটকিপার-ব্যাটারের অপরাজিত শতরান দেখে মুম্বই ইন্ডিয়ানসের সমর্থকরা খুশি হতে পারলেন না। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২০৭ রান করে সিএসকে। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৯ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ানস। ফলে ১০৩ রানে জয় পেল সিএসকে। এই জয়ের ফলে সাত ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে উঠে এল সিএসকে। অন্যদিকে, সাত ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে লিগ টেবলে আট নম্বরে থাকল মুম্বই।
এদিন সিএসকে-র হয়ে ওপেন করতে নেমে ৫৪ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন সঞ্জু। তিনি ১০টি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। সিএসকে অধিনায়ক এবং অপর ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ১৪ বলে ২২ রান করেন। ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) ১১ বলে ২১ রান করেন। সরফরাজ খান (Sarfaraz Khan) আট বলে ১৪ রান করেন। কার্তিক শর্মা (Kartik Sharma) ১৮ রান করেন। জেমি ওভারটন (Jamie Overton) সাত বলে ১৫ রান করেন। রান তাড়া করতে নেমে ১১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock) সাত রান করেন। অপর ওপেনার দানিশ মালেওয়ার (Danish Malewar) প্রথম বলেই আউট হয়ে যান। নমন ধীর (Naman Dhir) তিন বল খেলে রান করার আগেই আউট হয়ে যান। এরপর লড়াই করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও তিলক ভার্মা (Tilak Varma)। সূর্যকুমার ৩০ বলে ৩৬ রান করেন। তিলক ২৯ বলে ৩৭ রান করেন। কিন্তু বাকিরা কেউই লড়াই করতে পারেননি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এক রান করেই আউট হয়ে যান।
সিএসকে-র হয়ে আকিল হোসেন (Akeal Hosein) চার ওভারে এক মেডেন-সহ ১৭ রান দিয়ে চার উইকেট নেন। নূর আহমেদ (Noor Ahmad) ২৪ রান দিয়ে জোড়া উইকেট নেন। মুকেশ চৌধুরী (Mukesh Choudhary), অংশুল কম্বোজ (Anshul Kamboj), ওভারটন ও গুর্জপনীত সিং (Gurjapneet Singh) এক উইকেট করে নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।