
Robin Das Rape Case: ইংল্যান্ডের (England) কাউন্টি দল এসেক্সের (Essex) বাংলাদেশী (Bangladesh) বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ২৪ বছর বয়সি এই ক্রিকেটারকে ৯ অক্টোবর ইনার লন্ডন ক্রাউন কোর্টে (Inner London Crown Court) হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের ২৭ আগস্ট রবিনকে গ্রেফতার করা হয়েছিল। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিক্সটনে (Brixton) এক মহিলাকে ধর্ষণের অভিযোগের তদন্তের সূত্রেই তাঁকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে চলতি বছরের ২৩ জুলাই তাঁর বিরুদ্ধে ধর্ষণের দু'টি অভিযোগ আনা হয়। মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কুইন্স রোড, ওয়ালথাম ফরেস্টের বাসিন্দা রবিনের বিরুদ্ধে ২০২৬ সালের ২৩ জুলাই ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ দায়ের হওয়ার পর সংশ্লিষ্ট মহিলাকে বিশেষজ্ঞরা প্রয়োজনীয় সহায়তা দিয়ে চলেছেন।
বাংলাদেশী বংশোদ্ভূত হলেও, রবিনের জন্ম ইংল্যান্ডে। তিনি সেখানেই বড় হয়েছেন। তাঁর বাবার জন্ম বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। সেখান থেকে তিনি ইংল্যান্ডে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রবিন পেশাদার ক্রিকেটার হয়ে ওঠার পর বাংলাদেশে এসেছেন। তিনি ২০২৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League) ঢাকা ডমিনেটর্স (Dhaka Dominators) দলের হয়ে খেলেন। তবে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি রবিন। এই ব্যাটার দুই ম্যাচ খেলেন। দুই ম্যাচেই তিনি রান করতে পারেননি।
ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মরসুমে এসেক্সের হয়ে মাত্র একটি প্রথম দলের ম্যাচে খেলেন রবিন। ২১ জুলাই মিডলসেক্সের (Middlesex) বিরুদ্ধে ওয়ান ডে কাপে খেলেন তিনি। এর দু’দিন পর তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর তাঁকে সাসপেন্ড করেছে এসেক্স। এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবের চুক্তিবদ্ধ এক পুরুষ ক্রিকেটার এমন একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত মামলায় আদালতে হাজির হয়েছেন, যা ক্লাবের কার্যক্রমের বাইরে ঘটেছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, পুরো বিষয়টি নিয়ে ক্লাবের পক্ষ থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (England and Wales Cricket Board), প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (PCA), ক্রিকেট রেগুলেটর এবং সংশ্লিষ্ট ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টির প্রেক্ষিতে অবিলম্বে তাঁকে সাসপেন্ড করা হয় এবং সেই সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে। এসেক্স জানিয়েছে, তারা সমস্ত আইনি প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশিকা মেনে চলবে। ক্লাবের কঠোর সেফগার্ডিং এবং মানবসম্পদ নীতিমালা রয়েছে এবং প্রত্যেক কর্মীকেই সর্বোচ্চ পেশাদার আচরণের মান বজায় রাখতে হয়। আইনি প্রক্রিয়া চলায় এই মুহূর্তে এর বেশি কোনও মন্তব্য করতে পারবে না ক্লাব। ২০২০ সালে এসেক্সের হয়ে অভিষেক হয় রবিনের। এখনও পর্যন্ত কাউন্টির হয়ে নয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ২০২৩ সালে সফরকারী আয়ারল্যান্ডের বিরুদ্ধে শতরানও করেছিলেন। ওই বছরই এসেক্সের হয়ে টি-২০ ব্লাস্টের ফাইনালে উঠেছিলেন তিনি। এজবাস্টনে সেই ফাইনালে সামারসেটের কাছে হেরে যায় এসেক্স।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।