
India tour of Sri Lanka, 2026: বৃহস্পতিবার অনুশীলনে যখন চোট পেয়েছিলেন, তখনই আশঙ্কা তৈরি হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হল। কলম্বোয় (Colombo) শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে (Sri Lanka XI vs India) খেলতে পারছেন না ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। তাঁর পরিবর্তে ভারতীয় দলের নেতৃত্বে কে এল রাহুল (KL Rahul)। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে জানানো হয়েছে, 'বৃহস্পতিবার অনুশীলনের সময় অধিনায়ক শুবমান গিল ডান হাতের অনামিকায় আঘাত পান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তিনি মাঠে নামবেন না। বিসিসিআই-এর মেডিক্যাল দল তাঁর অগ্রগতি পর্যবেক্ষণ করছে।' ১৫ অগাস্ট শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। তার আগে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। এই কারণেই শুবমানকে বিশ্রাম দেওয়া হল।
বৃহস্পতিবার অনুশীলনে একাধিকবার ডান হাতে আঘাত পান শুবমান। যদিও প্রাথমিক পরীক্ষায় গুরুতর কোনও চোট ধরা পড়েনি। তবে ১৫ অগাস্ট গলে শুরু হতে চলা প্রথম টেস্ট ম্যাচের কথা মাথায় রেখে অধিনায়কের বিষয়ে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি ভারতীয় দল। অনুশীলনের সময় প্রথমে বাঁ হাতি পেসার গুরনুর ব্রারের বল শুবমানের ডান হাতে আঘাত করে। সঙ্গে সঙ্গে দলের ফিজিওর কাছ থেকে চিকিৎসা নেন তিনি। এরপর আবার ব্যাটিংয়ে ফিরে অনুশীলন চালিয়ে যান। পরে স্লিপে ক্যাচিং অনুশীলনের সময় একটি কঠিন ক্যাচ ধরতে গিয়ে আবারও একই হাতে আঘাত পান ভারতের অধিনায়ক। কিছুক্ষণ মাঠের বাইরে গিয়ে আঙুলে বরফ সেঁক নেওয়ার পর তিনি দিনের বাকি অনুশীলন শেষ করেন।
ভারতীয় দলের একাধিক ক্রিকেটার চোট পেয়েছেন। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। চোটের কারণে দলে নেই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ও পেসার হর্ষিত রানা (Harshit Rana)। এছাড়া ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan) পায়ের আঙুলের চোট থেকে সেরে ওঠার জন্য বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সসেলেন্সে রিহ্যাবে আছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।