
FIFA World Cup 2026: বিশ্বকাপ খেতাব ধরে রাখার লড়াইয়ে নামার মাত্র কয়েকদিন আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন আর্জেন্টিনার (Argentina) অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টিনা দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি শিবির শুরু করেছে। এই শিবির চলাকালীনই চোট পেলেন মেসি। তাঁর ক্লাব দল ইন্টার মায়ামির (Inter Miami) পক্ষ থেকে জানানো হয়েছে, মেসি অতিরিক্ত পরিশ্রম করার ফলে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাঁর পেশির উপর চাপ পড়েছে। এই কারণেই তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এই কিংবদন্তি। মেজর লিগ সকারে (Major League Soccer) ফিলাডেলফিয়া ইউনিয়নের (Philadelphia Union) বিরুদ্ধে ম্যাচের পর মেসির শারীরিক পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতেই হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। ফিলাডেলফিয়ার বিরুদ্ধে ম্যাচে ইন্টার মায়ামি ৬-৪ জয় পেয়েছে। এই ম্যাচে ৭৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। আগেই তাঁর শরীরি ভাষা দেখে বোঝা যাচ্ছিল অস্বস্তিতে আছেন। বারবার বাঁ পায়ের পিছন দিকে হাত দিচ্ছিলেন মেসি। তিনি স্বাভাবিকভাবে দৌড়তে পারছিলেন না। এই কারণেই তাঁকে তুলে নেওয়া হয়। এরপর রিজার্ভ বেঞ্চে না বসে সোজা ড্রেসিংরুমে চলে যান এই তারকা।
ভারতীয় সময় অনুযায়ী ১১ জুন মধ্যরাতের পর শুরু হচ্ছে বিশ্বকাপ। মেসির চোট সারাতে কতদিন লাগবে, সে বিষয়ে ইন্টার মায়ামির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। শুধু জানানো হয়েছে, চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মাধ্যমেই মাঠে ফিরতে পারবেন মেসি। সাধারণভাবে হ্যামস্ট্রিংয়ের চোট গুরুতর না হলে কয়েক দিনের মধ্যেই ফিট হয়ে ওঠা সম্ভব। তবে চোট গুরুতর হলে ফিট হয়ে উঠতে কয়েক সপ্তাহ লাগতে পারে। মেসির ফর্ম নিয়ে চিন্তা নেই। ফিলাডেলফিয়ার বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধে দু'বার সতীর্থদের দিয়ে গোল করান এই তারকা। দ্বিতীয়ার্ধে বৃষ্টি হওয়ার ফলে মাঠ পিচ্ছিল হয়ে যায়। এই কারণেই হয়তো চোট পান মেসি।
৬ জুন টেক্সাসে (Texas) হন্ডুরাসের (Honduras) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামায় (Alabama) আইসল্যান্ডের (Iceland) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা। চোট পাওয়ায় এই দুই ম্যাচ এড়িয়ে যেতে পারেন মেসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।