DA Hike: সরকারি কর্মচারীদের DA বাড়ল ৬.৩৭ শতাংশ, বকেয়া মিলবে ৩৩ ও ২৭ কিস্তিতে
সরকারি কর্মী ও পেনশনভোগীদের DA বাড়ল ৬.৩৭ শতাংশ পয়েন্ট। অক্টোবরের বেতনে বাড়তি DA, বকেয়া মিলবে ৩৩ ও ২৭ কিস্তিতে। এই বকেয়া অর্থ কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অ্যাকাউন্টে জমা করা হবে।

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষার মধ্যেই মহার্ঘ ভাতা বা DA বাড়ানোর ঘোষণা করল তেলঙ্গনা সরকার। রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ২০২৪ সালের জানুয়ারি এবং জুলাই মাস থেকে কার্যকর দুটি বকেয়া DA কিস্তি অনুমোদন করা হয়েছে। সব মিলিয়ে মহার্ঘ ভাতা বেড়েছে ৬.৩৭ শতাংশ পয়েন্ট। বর্ধিত DA-সহ অক্টোবর ২০২৬-এর বেতন ও পেনশন ১ নভেম্বর দেওয়ার কথা। পাশাপাশি, দীর্ঘদিনের বকেয়া মেটানো হবে একাধিক কিস্তিতে।

২০২০ পে স্কেলের কর্মীদের ক্ষেত্রে ২০২৪ সালের জানুয়ারি থেকে DA ৩৩.৬৭ শতাংশ থেকে বেড়ে ৩৭.৩১ শতাংশ করা হয়েছে। এরপর ২০২৪ সালের জুলাই থেকে তা আরও বেড়ে হয়েছে ৪০.০৪ শতাংশ। অর্থাৎ দুটি কিস্তি মিলিয়ে মোট ৬.৩৭ শতাংশ পয়েন্ট বৃদ্ধি হয়েছে।
২০১৬ পে স্কেলের কর্মীদের DA ৪৬ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ এবং ২০২৪ সালের জুলাই থেকে তা ৫৩ শতাংশ হয়েছে। ২০০৬ পে স্কেলের কর্মীদের DA-ও ২৩০ শতাংশ থেকে ২৩৯ শতাংশ এবং পরে ২৪৬ শতাংশ করা হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বর্ধিত DA অক্টোবরের বেতনের সঙ্গে দেওয়া হবে। সেই বেতন কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে ১ নভেম্বর ২০২৬। একইভাবে সংশ্লিষ্ট পেনশনভোগীরাও বর্ধিত DA-এর সুবিধা পাবেন।
শুধু নতুন DA নয়, দীর্ঘদিনের বকেয়া মেটানোর সিদ্ধান্তও নিয়েছে সরকার। জানুয়ারি ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রথম DA সংশোধনের বকেয়া ৩৩টি কিস্তিতে দেওয়া হবে। অন্যদিকে, জুলাই ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দ্বিতীয় DA সংশোধনের বকেয়া ২৭টি কিস্তিতে মেটানো হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই বকেয়া অর্থ কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অ্যাকাউন্টে জমা করা হবে। অর্থাৎ, বকেয়া পুরো টাকা একসঙ্গে হাতে পাওয়ার পরিবর্তে নির্ধারিত কিস্তিতে জমা হবে। DA-র দুটি কিস্তি অনুমোদনের ফলে তেলঙ্গানা সরকারের বছরে অতিরিক্ত প্রায় ৩,০৫৭ কোটি টাকা খরচ হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।