ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও এবার অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়ম আরও স্পষ্ট করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন Domestic Money Transfer (DMT) নির্দেশিকায় নগদ টাকা জমা দিয়ে NEFT-এর মাধ্যমে একবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানোর সুযোগ রাখা হয়েছে।
ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও এবার অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নিয়ম আরও স্পষ্ট করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন Domestic Money Transfer (DMT) নির্দেশিকায় নগদ টাকা জমা দিয়ে NEFT-এর মাধ্যমে একবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানোর সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি ATM এবং ব্যাঙ্কিং এজেন্টের মাধ্যমেও টাকা পাঠানো ও নেওয়ার নিয়ম নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ১১ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে RBI-র নতুন নির্দেশিকা। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ৫০ হাজার টাকা পাঠানোর সীমা নতুন করে বাড়ানো হয়নি। আগের নিয়মগুলিকে এক জায়গায় এনে আরও সুসংহত করেছে RBI।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই কীভাবে পাঠাবেন ৫০ হাজার টাকা?
RBI-র নির্দেশিকা অনুযায়ী, কোনও ব্যক্তির নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও তিনি ব্যাঙ্কের শাখায় গিয়ে নগদ টাকা জমা দিয়ে অন্য ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এর জন্য ব্যবহার করা যাবে NEFT পরিষেবা। এই ব্যবস্থায় একবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যাবে। অর্থাৎ, অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠাতে নিজের ওই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়।
ATM বা ব্যাঙ্কিং এজেন্টের মাধ্যমে কত টাকা পাঠানো যাবে?
ব্যাঙ্কের শাখায় না গিয়েও Business Correspondent (BC) বা ATM-এর মাধ্যমে নগদ টাকা জমা দিয়ে অন্যের অ্যাকাউন্টে পাঠানো যাবে। তবে এক্ষেত্রে টাকার সীমা আলাদা।
প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫,০০০ টাকা।
এক মাসে সর্বোচ্চ ২৫,০০০ টাকা।
এই সীমা প্রযোজ্য টাকা পাঠানো ব্যক্তির ক্ষেত্রে।
নিজের অ্যাকাউন্ট নেই, তবুও কি টাকা তুলতে পারবেন?
হ্যাঁ। RBI-র Cash Pay-out Service-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিও অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঠানো টাকা নগদে গ্রহণ করতে পারবেন।
এক্ষেত্রে নিয়মগুলি হল:
একবারে সর্বোচ্চ ১০,০০০ টাকা পাওয়া যাবে।
এক মাসে সর্বোচ্চ ২৫,০০০ টাকা গ্রহণ করা যাবে।
ATM, Business Correspondent বা অনুমোদিত অন্য পরিষেবার মাধ্যমে টাকা নেওয়া যাবে।
টাকা পাঠাতে কী কী নথি লাগবে?
নতুন নির্দেশিকায় KYC সংক্রান্ত নিয়মও স্পষ্ট করা হয়েছে। নগদ টাকা জমা দিয়ে অন্যের অ্যাকাউন্টে পাঠাতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ব্যাঙ্ক বা Business Correspondent-এর কাছে নথিভুক্ত হতে হবে।
এর জন্য প্রয়োজন হবে:
১. যাচাই করা মোবাইল নম্বর।
২. নিজের স্বাক্ষর করা বৈধ পরিচয়পত্রের স্বঘোষিত কপি (Officially Valid Document বা OVD)।
৩. প্রতিটি লেনদেনে অতিরিক্ত নিরাপত্তা যাচাই বা Additional Factor of Authentication (AFA)।
এছাড়া টাকা পাঠানোর সময় প্রেরকের তথ্য NEFT বা IMPS-এর লেনদেন সংক্রান্ত বার্তায় উল্লেখ করতে হবে। নগদ জমা দিয়ে পাঠানো টাকা চিহ্নিত করার ব্যবস্থাও রাখতে হবে।
ব্যাঙ্ক কি টাকা পাঠানোর জন্য চার্জ নিতে পারবে?
হ্যাঁ। RBI-র নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্ক ও অনুমোদিত নন-ব্যাঙ্ক সংস্থাগুলি এই পরিষেবার জন্য যুক্তিসঙ্গত চার্জ নির্ধারণ করতে পারবে। তবে গ্রাহকের অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখতে হবে।
কেন নতুন নির্দেশিকা জারি করল RBI?
মূলত পরিযায়ী শ্রমিক, ছোট ব্যবসায়ী এবং যাঁদের ব্যাঙ্কিং পরিষেবায় সরাসরি প্রবেশাধিকার সীমিত, তাঁদের সুবিধার কথা মাথায় রেখে Domestic Money Transfer ব্যবস্থা চালু হয়েছিল। এবার ২০১১ ও ২০২৪ সালের আগের নির্দেশিকাগুলিকে একত্রিত করে ২০২৬ সালের নতুন নির্দেশিকা জারি করেছে RBI। অর্থাৎ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও নির্দিষ্ট KYC নিয়ম মেনে অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠানো বা নগদে টাকা গ্রহণের সুযোগ থাকছে।












