রবিবার পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর জওয়ানদের সম্মান জানাতে লাইভ পারফর্ম করলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান। ইমতিয়াজ আলির নতুন ছবি 'ম্যায় বাপস আউঙ্গা'-র টিমের পক্ষ থেকে এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
রবিবার পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে সুরের জাদু ছড়ালেন সঙ্গীতশিল্পী এ আর রহমান। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর জওয়ানদের সম্মান জানাতেই ছিল তাঁর এই বিশেষ পারফরম্যান্স। বিখ্যাত বিটিং রিট্রিট অনুষ্ঠানের সময়েই এই সুরেলা স্যালুটের আয়োজন করেছিল পরিচালক ইমতিয়াজ আলির নতুন ছবি 'ম্যায় বাপস আউঙ্গা'-র টিম।

অনুষ্ঠানের শুরুতে পরিচালক ইমতিয়াজ আলি, বিড়লা স্টুডিওসের অনন্যা বিড়লা, অভিনেতা বেদাং রায়না এবং উইন্ডো সিট ফিল্মসের প্রযোজক মোহিত চৌধুরী দর্শকদের স্বাগত জানান এবং বিএসএফ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছবির নির্মাতারা তাঁদের সিনেমার মিউজিক অ্যালবামটি ভারতীয় সশস্ত্র বাহিনীর সমস্ত সদস্যের সাহস এবং আত্মত্যাগের প্রতি উৎসর্গ করেন।
আটারি ওয়াঘা সীমন্ত রহমান

রহমান যখন 'বন্দে মাতরম' এবং আরও বেশ কয়েকটি দেশাত্মবোধক গান গাইতে শুরু করেন, তখন উপস্থিত দর্শকদের মধ্যে জাতীয়তাবাদের এক আবেগ তৈরি হয়।
অনুষ্ঠানের পর ইমতিয়াজ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, বিএসএফ জওয়ানদের এমন একটি বিশেষ সম্মান জানানোর সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, এই প্রথমবার এ আর রহমান পঞ্জাবে পারফর্ম করলেন, যা এই অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তুলেছে।
কৃতজ্ঞতা প্রকাশ ইমতিয়াজ আলি

ইমতিয়াজ বলেন, "আটারিতে আসার সুযোগ পেয়ে এবং এ আর রহমানকে প্রথমবার পঞ্জাবে স্বাগত জানাতে পেরে আমরা খুবই আনন্দিত। এত বড় মাপের একজন শিল্পী আগে কখনও পঞ্জাবে পারফর্ম করেননি, তাঁর উপস্থিতিতে আমরা সত্যিই সম্মানিত।"
তিনি আরও বলেন, "এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত। আর এই পুরো ঘটনাটা 'ম্যায় বাপস আউঙ্গা' ছবিকে কেন্দ্র করে ঘটছে, যা এককথায় অসাধারণ। এই ছবির গল্প ১৯৪৭ সালের দেশভাগের সময়কার, যখন শুধু ঘরবাড়ি বা জীবনই নয়, মানুষের হৃদয়ও ভেঙে গিয়েছিল। আমরা ভালোবাসার বার্তা নিয়ে এসেছি, কারণ শেষ পর্যন্ত ভালোবাসাই আমাদের বাঁচিয়ে রাখে।"
ছবির কলাকুশলীরা হলেন...
এই ছবিতে দিলজিৎ দোসাঞ্জ, নাসিরউদ্দিন শাহ, শর্বরী এবং বেদাং রায়না গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান এবং গান লিখেছেন ইরশাদ কামিল। বিড়লা স্টুডিওস, অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট এবং উইন্ডো সিট ফিল্মসের মোহিত চৌধুরী ও শিবাশিস সরকার প্রযোজিত এই ছবিটি বিড়লা স্টুডিওস ওয়ার্ল্ডওয়াইডের ব্যানারে ২৬ জুন, ২০২৬-এ সিনেমাহলে মুক্তি পাবে। ছবির মিউজিক স্বত্ব টিপস মিউজিকের।

