Dua Lipa Sues Samsung স্যামসাং-য়ের বিরুদ্ধে আদালতে বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা। পপ তারকা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই স্যামসাংয়ের টেলিভিশনের বাক্সে ব্যবহার করা হয়েছে তাঁর ছবি।
Dua Lipa Sues Samsung: স্যামসাং-য়ের বিরুদ্ধে আদালতে বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা (Dua Lipa)। পপ তারকা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থা 'Samsung Electronics'-এর বিরুদ্ধে। অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই স্যামসাংয়ের টেলিভিশনের বাক্সে ব্যবহার করা হয়েছে তাঁর ছবি। এই ঘটনায় মার্কিন আদালতে ১৫ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪৩ কোটি টাকা) মামলা দায়ের করেছেন গায়িকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলা দায়ের করা হয়েছে। দুয়া লিপার আইনজীবীদের দাবি, স্যামসাং তাদের বিভিন্ন টিভি মডেলের প্যাকেজিংয়ে গায়িকার মুখের একটি কপিরাইটযুক্ত ছবি ব্যবহার করেছে। ওই ছবি ২০২৪ সালে অস্টিন সিটি লিমিটস ফেস্টিভ্যালে ব্যাকস্টেজে তোলা হয়েছিল বলে দাবি। ছবিটির সম্পূর্ণ কপিরাইট দুয়া লিপার কাছেই রয়েছে বলে দাবি করা হয়েছে।

পারিশ্রমিক ছাড়াই প্রচার Samsung-এর
অভিযোগে বলা হয়েছে, মার্কিন বাজারে স্যামসাং টেলিভিশনের বিক্রি বাড়ানোর জন্য বৃহৎ প্রচার অভিযানে ওই ছবি ব্যবহার করা হয়। বিশেষ করে Samsung Crystal UHD-সহ একাধিক টিভি সিরিজের বাক্সে সেই ছবি দেখা গিয়েছে বলে দাবি। এর ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে দুয়া লিপা হয়তো সংস্থার পণ্যের প্রচার করছেন বা সমর্থন করছেন। মামলায় কপিরাইট লঙ্ঘন, ট্রেডমার্ক লঙ্ঘন এবং তাঁর ব্যক্তিগত পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি 'ফলস এন্ডোর্সমেন্ট' বা মিথ্যা সমর্থনের অভিযোগও তোলা হয়েছে। গায়িকার দাবি, তাঁর কোনও অনুমতি, জ্ঞান বা নিয়ন্ত্রণ ছাড়াই এই ছবি ব্যবহার করা হয়েছে। এমনকি এর জন্য তাঁকে কোনও পারিশ্রমিকও দেওয়া হয়নি।
গত বছরের মাঝমাঝি বিষয়টি নজরে আসে
জানা গিয়েছে, ২০২৫ সালের জুন মাস নাগাদ প্রথম বিষয়টি নজরে আসে দুয়া লিপার। এরপরই স্যামসাংকে ছবি ব্যবহার বন্ধ করার নোটিস পাঠানো হয়। তবে অভিযোগ, বারবার অনুরোধ সত্ত্বেও সংস্থা সেই ব্যবহার বন্ধ করেনি। আদালতে জমা দেওয়া নথিতে স্যামসাংয়ের আচরণকে 'উদাসীন ও সংবেদনহীন' বলেও উল্লেখ করা হয়েছে। এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। এক নেটিজেন মজার ছলে লিখেছেন, ''দুয়া লিপা থাকলে শুধু সেই কারণেই টিভি কিনে ফেলব!'' আর এই মন্তব্যকেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরেছেন গায়িকার আইনজীবীরা। তাঁদের বক্তব্য, দুয়া লিপার জনপ্রিয়তাকে ব্যবহার করেই ব্যবসায়িক লাভ করেছে স্যামসাং।
কী বলছে স্যামসাং
৩০ বছরের দুয়া লিপা বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা। একাধিক গ্র্যামি পুরস্কারও জিতেছেন তিনি। তাই এই মামলাকে ঘিরে আন্তর্জাতিক মহলেও আগ্রহ বাড়ছে। আইন বিশেষজ্ঞদের মতে, এই মামলা ভবিষ্যতে সেলেব্রিটিদের ছবি বা পরিচিতি পণ্যের মোড়কে ব্যবহারের ক্ষেত্রে বড় নজির তৈরি করতে পারে। যদিও এখনও পর্যন্ত এই মামলার বিষয়ে স্যামসাংয়ের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।


