বিপি সিংয়ের প্রয়াণে ভারতীয় টেলিভিশন জগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা। তাঁর সৃষ্টি করা চরিত্র ও ধারাবাহিক দর্শকের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবে।
নয়ের দশকের দর্শকদের কাছে ‘সিআইডি’, ‘আহাট’-এর মতো ধারাবাহিকের জনপ্রিয়তা আজও অমলিন। এই কালজয়ী টেলি শোগুলির নেপথ্যে ছিলেন পরিচালক-প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং, যিনি বিপি সিং নামেই পরিচিত। তাঁর হাত ধরেই ভারতীয় টেলিভিশনে অপরাধ ও ভৌতিক ঘরানার ধারাবাহিক এক নতুন মাত্রা পেয়েছিল। মঙ্গলবার তাঁর প্রয়াণে ইতি ঘটল এক যুগের। ‘সিআইডি’ ও ‘আহাট’-এর মতো ধারাবাহিকের মাধ্যমে অসংখ্য দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন বিপি সিং। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন জগতে। কয়েক দিন আগেই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই ভিডিয়োয় ‘সিআইডি’-র কয়েক জন অভিনেতার সঙ্গে তাঁকে বেশ দুর্বল দেখাচ্ছিল। বয়সজনিত নানা জটিলতায় তিনি বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন বলে খবর। অবশেষে ২৭ অক্টোবর নিজের বাড়িতেই ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মুম্বইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। দীর্ঘদিনের সহকর্মীকে স্মরণ করে তিনি জানান, বিপি সিং ছিলেন অসাধারণ এক নির্মাতা। তাঁর কাজ আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। সমাজমাধ্যমে একটি পোস্টে অশোক লেখেন, বিশিষ্ট প্রযোজক-পরিচালক বিপি সিংয়ের প্রয়াণের খবরে তিনি মর্মাহত। ‘সিআইডি’ ও ‘আহাট’-এর মতো ক্রাইম শোয়ের মাধ্যমে তিনি গোটা দেশের দর্শককে মুগ্ধ করেছিলেন। তাঁর কাজ আজও অনুপ্রেরণা জোগায় এবং ভবিষ্যতেও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। একটি সংগঠনের সভাপতি থাকাকালীন বিপি সিংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল বলেও জানান অশোক।
‘সিআইডি’ ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র দয়ার অভিনেতা দয়ানন্দ শেট্টিও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে বিপি সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। প্রয়াত পরিচালকের কাজের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার কথা স্মরণ করে তিনি বলেন, “বিপি সিংজি নিজের কাজের প্রতি ছিলেন নিবেদিতপ্রাণ। কাজকে ভীষণ ভালোবাসতেন। পাশাপাশি, তিনি ছিলেন সেরা ক্যামেরাম্যানও।”
দয়ানন্দ আরও জানান, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন বিপি সিং। মঙ্গলবার সকালে আর ঘুম ভাঙেনি তাঁর। বয়সজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান অভিনেতা। মঙ্গলবার সন্ধ্যায় অথবা বুধবার সকালে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। বিপি সিংয়ের প্রয়াণে ভারতীয় টেলিভিশন জগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা। তাঁর সৃষ্টি করা চরিত্র ও ধারাবাহিক দর্শকের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবে।




