টলিউডে অভিষেকের জল্পনার মাঝেই বলিউডের জনপ্রিয় পরিচালক মোহিত সুরির সঙ্গে দেখা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ।

বাংলার ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায় ওরফে মিশুককে নিয়ে দীর্ঘদিন ধরেই অনুরাগীদের কৌতূহল। কবে অভিনয় জগতে পা রাখবেন তারকা-পুত্র? টলিউডে অভিষেকের জল্পনা আগে থেকেই ছিল। তবে এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল বলিউডের জনপ্রিয় পরিচালক মোহিত সুরির সঙ্গে তাঁর সাক্ষাৎ। সমাজমাধ্যমে পরিচালকের সঙ্গে সেলফি ভাগ করে নিয়েছেন মিশুক। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি বলিউড দিয়েই অভিনয় জীবনের শুরু করতে চলেছেন প্রসেনজিৎ-পুত্র?

সম্প্রতি মোহিত সুরির সঙ্গে একটি ছবি পোস্ট করেন তৃষাণজিৎ। ছবিতে পরিচালকের কাঁধে হাত রেখে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাঁকে। ছবির সঙ্গে বাবাকে ধন্যবাদ জানিয়ে মিশুক লেখেন, বাবার জন্যই মোহিত সুরি স্যারের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন তিনি। শুধু সাক্ষাৎ নয়, পরিচালকের সঙ্গে একটি ছোট্ট বৈঠকও হয়েছে তাঁদের। এই পুরো ঘটনার কৃতিত্ব বাবাকেই দিয়েছেন তৃষাণজিৎ। বাবার প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালে ‘সাইয়ারা’ ছবির হাত ধরে দুই নতুন মুখ অহন পাণ্ডে ও অনীত পাড্ডাকে দর্শকদের সামনে এনেছিলেন মোহিত সুরি। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। নতুনদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে পরিচালকের পরিচিতিও রয়েছে। ফলে তাঁর সঙ্গে মিশুকের এই সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নতুন জল্পনা।

প্রসেনজিৎ ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র সন্তান তৃষাণজিৎ। গত বছর কোদাইকানাল ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক হয়েছেন তিনি। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তাঁর বিশেষ আগ্রহ ছিল। অভিনয় নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন না বলেই জানা যায়। তবে বিদেশে পড়াশোনার সময় নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি বাবার গানে তৈরি রিল ভিডিওর মাধ্যমেও অনুরাগীদের নজর কেড়েছেন মিশুক।

এর আগে টলিপাড়ার বিভিন্ন মহলে শোনা গিয়েছিল, ২০২৫ সালেই কোনও বড় প্রযোজনা সংস্থার হাত ধরে অভিনয়ে অভিষেক হতে পারে তাঁর। যদিও সেই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এবার মোহিত সুরির সঙ্গে সাক্ষাতের পর নতুন করে প্রশ্ন উঠছে, টলিউড নয়, তবে কি বলিউডকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন তৃষাণজিৎ?

অবশ্য এই সাক্ষাৎ বা বৈঠক থেকেই তাঁর বলিউড অভিষেক নিশ্চিত, এমনটা বলার সময় এখনও আসেনি। তবে প্রসেনজিৎ-পুত্রের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, সেদিকেই এখন নজর অনুরাগীদের।