তালসারিতে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুর তিন দিন পর সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। কী লেখা আছে তাতে?

তালসারির মর্মান্তিক দুর্ঘটনায় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুর পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। এই সময়ের মধ্যে বারবার প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ভূমিকা এবং দায়বদ্ধতা নিয়ে। বিশেষ করে সংস্থার অন্যতম মুখ লীনা গঙ্গোপাধ্যায়-এর নীরবতা এবং তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করার বিষয়টি সমালোচনার কেন্দ্রে উঠে আসে।

অবশেষে ঘটনার তিন দিন পর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, এই সংস্থা শুধুমাত্র লীনা গঙ্গোপাধ্যায়ের নয়; এর আরেক অংশীদার হলেন শৈবাল বন্দ্যোপাধ্যায়। বিবৃতিতে বলা হয়, লীনা মূলত সংস্থার ‘ক্রিয়েটিভ হেড’ হিসেবে কাজ করেন এবং সৃজনশীল দিকেই তাঁর দায়িত্ব সীমাবদ্ধ।

মুম্বই থেকে ফিরে আসেন। তিনি রাহুলের পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু পরিবারের পরিস্থিতি অনুকূল না থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। যদিও ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন এই দাবি অস্বীকার করেছেন।

তালসারির সমুদ্রে ডুবে অভিনেতার মৃত্যুর পর শুটিংয়ের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। বিশেষ করে ওড়িশা পুলিশের তরফে জানানো হয়, ওই শুটিংয়ের কোনও অনুমতি ছিল না। তবে প্রযোজনা সংস্থার দাবি, তারা প্রয়োজনীয় সমস্ত অনুমতির নথি যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেবে।

রাহুলের মৃত্যুকে ঘিরে নানা জল্পনা-কল্পনার মাঝেই সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত ইউনিটের সদস্যরা তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। দুর্ঘটনার পর দ্রুত তাঁকে নিকটবর্তী একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসক না থাকায় পরে তাঁকে দিঘা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বিবৃতির শেষাংশে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল শুধুমাত্র তাঁদের সহকর্মী নন, বরং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই ঘটনায় তারা গভীরভাবে শোকাহত এবং নিরপেক্ষ তদন্তে পূর্ণ সহযোগিতা করবে। একই সঙ্গে জানানো হয়েছে, তদন্তের স্বচ্ছতার স্বার্থে লীনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদে থাকতে অনিচ্ছুক।

এই ঘটনার পর গোটা বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি নিরাপত্তা, দায়িত্ব এবং পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, যা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।