টালিগঞ্জে যশ-নুসরতের বহুতলে ভয়াবহ আগুন! অল্পের জন্য রক্ষা, শিশুদের নিয়ে পথে নামলেন তারকারা

দক্ষিণ কলকাতার টালিগঞ্জে ভোরবেলা হঠাৎ আগুনের আতঙ্ক। বহু পরিচিত তারকার বসবাস থাকা বহুতল আবাসনে রবিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, টেকনিশিয়ান স্টুডিও সংলগ্ন একটি বহুতলের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত। ওই আবাসনেই থাকেন অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক শুভ্রজিৎ মিত্র-সহ একাধিক তারকা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রাথমিক তদন্তে দমকল সূত্রে জানা যায়, শিবরাত্রি উপলক্ষে পুজোর পর একটি প্রদীপ নেভানো হয়নি বলেই আগুন লাগে বলে অনুমান। পঞ্চম তলার একটি ফ্ল্যাটের পুজোর ঘর থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ফ্ল্যাটে তখন কেউ উপস্থিত ছিলেন না। ধীরে ধীরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয় আবাসনের অন্যান্য বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। 

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিরাপত্তার স্বার্থে লিফট বন্ধ করে দেওয়া হয় এবং বাসিন্দাদের সিঁড়ি ব্যবহার করে নিচে নামতে বলা হয়। যশ ও নুসরত তাঁদের সন্তানদের নিয়ে নিরাপদে আবাসন থেকে বেরিয়ে আসেন বলে জানা গিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বাসিন্দারা আবার নিজ নিজ ফ্ল্যাটে ফিরে যান। কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও, অসাবধানতার ফল কতটা ভয়াবহ হতে পারে তা আবারও সামনে এল। দমকলের তরফে আবাসিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে পুজোর প্রদীপ বা বৈদ্যুতিক সংযোগ ব্যবহারের ক্ষেত্রে। টালিগঞ্জের এই ঘটনায় সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় টলিপাড়ায়। তবে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে— সেটাই এখন স্বস্তির খবর।