কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে এবং বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। তিনি পেশায় একজন চলচ্চিত্র প্রযোজক এবং সুরকার ছিলেন। মেয়ের পর এবার স্বামীকেও হারালেন এই জনপ্রিয় অভিনেত্রী।

ফের খারাপ খবর। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়। জয়ন্ত মুখোপাধ্যায় নিজে একজন চলচ্চিত্র প্রযোজক ও সুরকার ছিলেন, আর কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলেও। মেয়ের পর স্বামীকে হারালেন মৌসুমি।

গানবাজনা এবং সৃজনশীল মানুষদের মধ্যে বড় হয়ে ওঠায় জয়ন্তবাবুর ছোট থেকেই বিনোদন জগতের প্রতি আগ্রহ ছিল। তবে বাবার মতো গান নয়, তিনি ক্যামেরার পেছনের কাজ বেছে নেন, বিশেষ করে প্রযোজনাকে। নিজের কেরিয়ারে তিনি বেশ কয়েকটি সিনেমা ও টেলিভিশন প্রোজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। বিখ্যাত সংগীত পরিবারের ছেলে হয়েও বরাবর নিজেকে প্রচারের আড়ালেই রাখতেন জয়ন্ত।

একজন প্রযোজক হিসেবে বিনোদন জগতে নিজের ছাপ ফেলেছিলেন জয়ন্ত মুখোপাধ্যায়। তাঁর প্রযোজিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'মজাক' (১৯৭৫) এবং 'দো লড়কে দোনো কড়কে' (১৯৭৯)। এই দুটি ছবিতেই অভিনয় করেন মৌসুমি চট্টোপাধ্যায়। ১৯৯২ সালে সম্প্রচারিত 'তালাশ' ধারাবাহিকের মাধ্যমে তিনি টেলিভিশন জগতের সঙ্গেও যুক্ত হন। প্রযোজনার পাশাপাশি ১৯৬৬ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের 'বিবি অওর মকান' ছবিতে মিউজিক ডিপার্টমেন্টেও কাজ করেছিলেন জয়ন্ত। বাবা বা স্ত্রীর মতো তিনি কখনও সেভাবে পরিচিতি হতে চাননি ঠিকই, তবে তাঁর কাজগুলো ভারতীয় সিনেমার সৃজনশীল দিকের সঙ্গে তাঁর যুক্ত থাকার প্রমাণ দেয়।

১৯৭২ সালে বিয়ে করেন জয়ন্ত মুখোপাধ্যায় এবং মৌসুমি চট্টোপাধ্যায়। ৫০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা একসঙ্গে সংসার করেছেন। পরিবার সামলানোর পাশাপাশি বাংলা ও হিন্দি সিনেমায় নিজেকে প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন মৌসুমি। মৌসুমির যখন বিয়ে ঠিক হয়, তখন তিনি অনেকটাই ছোট। পুরোনো একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দশম শ্রেণিতে পড়ার সময়ই তাঁর বাগদান সম্পন্ন হয়। বিয়ের পর এই দম্পতি মুম্বইয়ে চলে যান এবং সেখানে মৌসুমি তাঁর অভিনয় কেরিয়ার চালিয়ে যান।

তাঁদের দুই মেয়ে— পায়েল ও মেঘা। ২০১৯ সালের ডিসেম্বরে জুভেনাইল ডায়াবেটিস-জনিত সমস্যার কারণে বড় মেয়ে পায়েল মুখোপাধ্যায় মাত্র ৪৫ বছর বয়সে মারা যান। ছোট মেয়ে মেঘাও বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন।