পরিচালক অনীক দত্ত গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে, এবং এটি দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।

বুধবার দুপুরে আচমকাই টলিপাড়ায় ছড়িয়ে পড়ে উদ্বেগজনক খবর। অনীক দত্ত নাকি গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। প্রথমে জানা যায়, আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে পরিচালকের মৃত্যুসংবাদ। আর তারপর থেকেই ঘনীভূত হতে শুরু করেছে রহস্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্ক এলাকার বাড়ির ছাদ থেকে পড়ে যান অনীক দত্ত। গুরুতর জখম অবস্থায় দ্রুত তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঠিক কী ভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে যায় গড়িয়াহাট থানার পুলিশ। ঘটনাস্থলে রয়েছেন থানার অফিসার ইনচার্জ-সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। তদন্তে নেমেছে হোমিসাইড শাখাও। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এটি কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিচালকের বাড়ির নীচে এখনও রক্তের দাগ দেখা গিয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন এলাকার বাসিন্দারাও। পুলিশ বাড়ির ছাদ এবং আশপাশের অংশ খতিয়ে দেখছে। পরিবারের সদস্য এবং পরিচিতদের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে সূত্রের খবর।

টলিউডে নিজের স্বতন্ত্র কাজের জন্য পরিচিত ছিলেন অনীক দত্ত। বিশেষ করে ভূতের ভবিষ্যৎ ছবির মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তাই তাঁর আকস্মিক মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।

তবে এখনও পর্যন্ত পুলিশ বা পরিবারের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘটনার পূর্ণ বিবরণ প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কী ভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।