Rahul Arunoday Banerjee's Death: রিজেন্ট পার্কে অভিযোগ দায়েরের পর শনিবার রাতেই প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে দিঘার কাছে তালসারিতে পৌঁছে যান প্রসেনজিৎ-ঋতুপর্ণারা। রবিবার সেখানে অভিনেতার মৃত্যুর তদন্ত জোরদার করার আবেদন জানিয়েছেন প্রিয়াঙ্কা-প্রসেনজিৎরা।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর ঘটনায় শনিবার রিজেন্ট পার্কের পর এবার রবিবারই তালসারি থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার টালিগঞ্জের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে প্রিয়াঙ্কা সরকার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর ঘটনায় অভিযোগ করেন। রিজেন্ট পার্কে অভিযোগ দায়েরের পর শনিবার রাতেই প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে দিঘার কাছে তালসারিতে পৌঁছে যান প্রসেনজিৎ-ঋতুপর্ণারা। রবিবার সেখানে অভিনেতার মৃত্যুর তদন্ত জোরদার করার আবেদন জানিয়েছেন প্রিয়াঙ্কা-প্রসেনজিৎরা।
তালসারিতে প্রিয়াঙ্কারা
রাত ১১টা নাগাদ ওড়িশার তালসারি কোস্টাল থানায় প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে পৌঁছে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌরভ দাস ও ইন্দ্রাসিস রায়। প্রায় ৩ ঘণ্টা ধরে রাত ২টো পর্যন্ত বৈঠক করেন। তালসারি থানার পুলিশের কাছে রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
সূত্রের খবর, তালসারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার। তিনি লিখিত অভিযোগও করেন। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, এফআইআরটি তারা আপলোড করবেন। তিনি বলেন, ওড়িশা পুলিশ সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন।
অন্যদিকে তালসারির সমুদ্রে অভিনেতা রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়েছে। তবে প্রিয়াঙ্কা ব্যক্তিগত ভাবে অভিযোগ দায়ের করেছেন তালসারি থানায়। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রিয়াঙ্কার অভিযোগ পাঁচ জনের বিরুদ্ধে। তাঁরা হলেন, 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্য়াজিক মোমন্টস-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায় , সহ পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্য়ায়, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী, প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী। প্রিয়াঙ্কার অভিযোগ ছিল তালসারির সমুদ্র সৈকতে শ্যুটিং-এর আগে কোনও অভিযোগ দায়ের করা হয়নি, নিরাপত্তার দিকেও কোনও নজর দেওয়া হয়নি।
অভিযোগে দেরির কারণ
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু হয়েছিল গত রবিবার ২৯ মার্চ। তারপরে কেটে গেছে প্রায় এক সপ্তাহ। কিন্তু অভিযোগ জানাতে এতো দেরি কেন? প্রিয়াঙ্কা তাঁর বয়ানে তারও উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, 'আমি আমার স্বামীকে হারিয়েছি। মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। মানসিক ভাবে বড় ধাক্কা পেয়েছি। কারণ আমি ভাবতেই পারিনি আমি সত্যি সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি, যিনি আমাকে সারা জীবনের দিশা দেখিয়েছিলেন। সেই কারণেই অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে।'
‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেড’-এর কর্ণধার পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে সেই এফআইআর-এ। অভিযোগ অনুযায়ী, তাঁরা পরিকল্পিত ভাবে অবহেলাভরে ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করছিলেন, যা ঝুঁকিপূর্ণ। এর জেরেই অভিনেতার মৃত্যু ঘটে। এ ছাড়াও, রাহুলের মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পরে অভিযুক্তেরা মিথ্যা তথ্য প্রচার করেছেন বলেও অভিযোগ করা হয়েছে সেই এফআই আর-এ। প্রযোজনা সংস্থা ও উল্লিখিত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছেন প্রিয়াঙ্কা।

