SRK King Movie: বড় পর্দায় ফিরছেন 'কিং' শাহরুখ খান। ধূসর চুল, তীক্ষ্ণ চাউনি, হাতে বন্দুক আর ঠোঁটে লাল গোলাপ। আগামী ২ নভেম্বর তাঁর ৬১ তম জন্মদিনের আগেই আসন্ন ছবি 'কিং'-এর নতুন পোস্টার প্রকাশ্যে এনে সমাজমাধ্যমে চর্চা বাড়িয়ে দিলেন অভিনেতা।

SRK King Movie: বড় পর্দায় ফিরছেন 'কিং' শাহরুখ খান। ধূসর চুল, তীক্ষ্ণ চাউনি, হাতে বন্দুক আর ঠোঁটে লাল গোলাপ। নতুন ছবির পোস্টারে বাদশার এমন লুক দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। আগামী ২ নভেম্বর তাঁর ৬১ তম জন্মদিনের আগেই আসন্ন ছবি 'কিং'-এর নতুন পোস্টার প্রকাশ্যে এনে সমাজমাধ্যমে চর্চা বাড়িয়ে দিলেন অভিনেতা। আগামী ২৪ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির। ক্রিসমাসের আগে শাহরুখের এই ছবি ঘিরে দর্শকের আগ্রহ ক্রমশ বাড়ছে। নতুন পোস্টার সেই উত্তেজনায় আরও খানিকটা রং চড়াল।

পোস্টার রিলিজে কী লিখলেন শাহরুখ

পোস্টারটি ভাগ করে নিয়ে শাহরুখ লিখেছেন, "আজ ফির ইয়াদ আয়া... কাতিল নহি… আশিক হুঁ… #KING ইন সিনেমায়েজ ২৪.১২.২৬।" অর্থাৎ, ‘আজ আবার মনে পড়ল... খুনি নই, প্রেমিক।’ শাহরুখের এই সংলাপে তাঁর পুরনো ছবির গানের স্মৃতি খুঁজে পেয়েছেন অনুরাগীদের একাংশ। নতুন পোস্টারে শাহরুখের চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। ধূসর চুল, গম্ভীর মুখ আর ধারালো চাউনি। খোলা শার্টের ভিতরে রক্তের দাগ, এক হাতে বন্দুক, ঠোঁটে লাল গোলাপ। চারপাশে আগুনের শিখা। সব মিলিয়ে তাঁর এই নতুন অবতারে অ্যাকশনের সঙ্গে রোম্যান্সের ইঙ্গিতও রয়েছে। বয়স যে তাঁর পর্দার আকর্ষণে বাধা হয়ে দাঁড়ায়নি, তা আরও এক বার বুঝিয়ে দিলেন বলিউডের বাদশা।

কী বলছেন পরিচালক

এর আগে 'পাঠান' ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সেই ছবি বক্স অফিসে সাফল্য পাওয়ায় 'কিং' নিয়েও প্রত্যাশা বেশি। এ বারও শাহরুখকে অ্যাকশন অবতারে দেখার অপেক্ষায় দর্শক। তবে ছবির অন্যতম আকর্ষণ শাহরুখের সঙ্গে মেয়ে সুহানা খানের প্রথম বড়পর্দার জুটি। ২০২৩ সালে 'দ্য আর্চিজ' ছবির মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল সুহানার। এ বার বাবার সঙ্গে বড়পর্দায় তাঁর রসায়ন কেমন হয়, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা। ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায়ের মতো অভিনেতারাও। ছবিটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

দেখুন ছবিতে

Scroll to load tweet…

শাহরুখের নয়া লুক

এর আগে প্রকাশ্যে আসা ছবির ঝলকে শাহরুখকে আরও গম্ভীর ও হিংস্র মেজাজে দেখা গিয়েছিল। একটি সংলাপে তাঁকে বলতে শোনা যায়, 'ডর নহি, দেহশাত হুঁ', অর্থাৎ, 'আমি ভয় নই, আমি আতঙ্ক।’ নতুন পোস্টারে সেই আগ্রাসী মেজাজের সঙ্গে জুড়েছে প্রেমের ছোঁয়া। সব মিলিয়ে 'কিং' নিয়ে প্রত্যাশা বাড়ছেই। এ বার বড়পর্দায় শাহরুখের নতুন অবতার দর্শককে কতটা মুগ্ধ করে, সেটাই দেখার।