থালাপতি বিজয়ের অভাবনীয় সাফল্যের পর এবার তামিলনাড়ুর রাজনীতিতে পা রাখতে চলেছেন সুপারস্টার ধনুশ। শোনা যাচ্ছে, ২০৩১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং এতে রজনীকান্তের পূর্ণ সমর্থন রয়েছে।
তামিলনাড়ুর রাজনীতিতে আরও এক জনপ্রিয় অভিনেতার এন্ট্রি প্রায় পাকা। গত নির্বাচনে থালাপতি বিজয়ের অভাবনীয় সাফল্যের পর এবার তামিল সুপারস্টার ধনুশ রাজনীতিতে আসার (Dhanush political entry) প্রস্তুতি নিচ্ছেন বলে জোর খবর।
সুপারস্টার রজনীকান্ত নাকি ধনুশের এই রাজনৈতিক পদক্ষেপে পূর্ণ সমর্থন জানিয়েছেন। খুব শিগগিরই রজনীকান্ত নিজেই হয়তো এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন। সম্প্রতি ধনুশের সঙ্গে রজনীকান্তের একটি ছবি ভাইরাল হয়েছে, যা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। তামিল সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ধনুশ আগামী ২০৩১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকী নির্বাচন কমিশনে তাঁর দলের নামও নাকি ইতিমধ্যে নথিভুক্ত করা হয়ে গেছে। তবে ধনুশ বা রজনীকান্ত কেউই এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
বিজয়ের সাফল্যের পরই কি ধনুশের পলিটিক্যাল এন্ট্রি?
এর আগে রজনীকান্ত নিজেও রাজনীতিতে আসার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু পরে তিনি পিছিয়ে যান। অন্যদিকে, অভিনেতা বিজয় ২০২৪ সালে 'তামিলাগা ভেট্রি কাজাগাম' (TVK) দল তৈরি করে মাত্র কয়েক বছরের মধ্যেই মুখ্যমন্ত্রী হয়ে ইতিহাস গড়েছেন। বিজয়ের এই সাফল্যে রজনীকান্ত এবং তাঁর অনুরাগীরা কিছুটা হতাশ হতে পারেন বলে অনেকের ধারণা। আর সেই কারণেই রজনীকান্ত এবার ধনুশকে সমর্থন করে তাঁকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চাইছেন বলে খবর।
শোনা যাচ্ছে, এই কারণেই ধনুশ তাঁর ফ্যান ক্লাবগুলোকে আরও মজবুত করার কাজে হাত দিয়েছেন। জেলা স্তরে ফ্যান ক্লাবগুলোকে ভাগ করে নতুন কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে এবং সদস্য সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন, এগুলো আসলে রাজনীতিতে নামারই প্রাথমিক প্রস্তুতি। বিজয়ের সাফল্যের পর সুরিয়া, শিবকার্তিকেয়ন এবং বিজয় সেতুপতির মতো অভিনেতাদেরও রাজনীতিতে আসার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে রাজনীতিতে এলেই কি সবাই সফল হবেন? তার উত্তর পেতে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।


