জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলায় অমরনাথ যাত্রীদের একটি বাস রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার কবলে। ঘটনায় ৩৯ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের SKIMS-এ ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলার হারিগানিওয়ান শহরে মঙ্গলবার এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অমরনাথ যাত্রীদের নিয়ে যাওয়া একটি ট্যুরিস্ট বাস রাস্তা থেকে ছিটকে পড়ে। এই ঘটনায় ৩৯ জন তীর্থযাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়েই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF), ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (ITBP) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা সব আহত যাত্রীকে উদ্ধার করেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, বাবা বরফানির দর্শন সেরে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। আহতদের শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (SKIMS)-এ চিকিৎসা চলছে। তিনি স্বাস্থ্য আধিকারিকদের সবরকম সাহায্য এবং সেরা চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
সেরা চিকিৎসার আশ্বাস দিলেন এলজি সিনহা
এলজি সিনহা বলেন, "আমি গান্দেরবালের ডেপুটি কমিশনার এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। আজ সকালে গানিওয়ানে দুর্ভাগ্যজনক পথ দুর্ঘটনায় আহত শ্রী অমরনাথজি যাত্রার তীর্থযাত্রীদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। বাবা বরফানির দর্শন সেরে ফেরার পথে ৩৯ জন তীর্থযাত্রী আহত হয়েছেন এবং বর্তমানে SKIMS-এ তাঁদের চিকিৎসা চলছে। আমি স্বাস্থ্য আধিকারিকদের সবরকম সাহায্য এবং সেরা চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। আমি ভগবান শিবের কাছে আহত ভক্তদের দ্রুত আরোগ্য কামনা করি।"
স্থগিত থাকার পর ফের শুরু হয়েছে যাত্রা
এর আগে, ২৭ জুলাই শ্রী অমরনাথ যাত্রার ২০তম দলটি দক্ষিণ কাশ্মীরের পবিত্র গুহা মন্দিরের উদ্দেশে চন্দেরকোট পার করে। ব্যাপক নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থার মধ্যে দিয়ে এই যাত্রা হয়। প্রবল বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে ছয় দিন যাত্রা স্থগিত ছিল। আবহাওয়া এবং পরিস্থিতি পর্যালোচনার পরেই ফের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপরই জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে কাশ্মীর উপত্যকার উদ্দেশে তীর্থযাত্রীদের একটি নতুন দল রওনা দেয়।
এ বছরের ৫৭ দিনের বার্ষিক তীর্থযাত্রা শুরু হয়েছে ৩ জুলাই। রক্ষা বন্ধনের দিন, অর্থাৎ ২৮ অগাস্ট এই যাত্রা শেষ হবে। এই পবিত্র গুহা মন্দিরে দর্শন করার জন্য সারা দেশ থেকে হাজার হাজার ভক্ত অমরনাথ যাত্রায় অংশ নেন।


