8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, কত টাকা বাড়বে বেতন?

প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬০ লক্ষের বেশি পেনশনভোগীর নজর এখন অষ্টম বেতন কমিশনের দিকে। কমিশন ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে। সেই ধারাবাহিকতায় কলকাতাতেও গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়েছে।

জানা গিয়েছে, সেই বৈঠকে কেন্দ্রীয় সরকারি দপ্তর, কর্মচারী সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে বেতন কাঠামো, ভাতা, পরিষেবার শর্ত এবং অন্যান্য দাবি-দাওয়া নিয়ে মতামত সংগ্রহ করা হবে। কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ তৈরির আগে এই মতামতগুলি বিবেচনা করবে।

অষ্টম বেতন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ফিটমেন্ট ফ্যাক্টর, যার ভিত্তিতেই ভবিষ্যতে বেতন বৃদ্ধির হিসাব নির্ধারণ করা হবে। তবে ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে বা কর্মীদের বেতন ঠিক কতটা বাড়বে, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কমিশনের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে ধারাবাহিকভাবে বৈঠক করে সংশ্লিষ্ট পক্ষের মতামত নেওয়া হচ্ছে। এই পরামর্শ প্রক্রিয়া শেষ হওয়ার পরই চূড়ান্ত সুপারিশ তৈরি করে কেন্দ্রের কাছে জমা দেওয়া হবে। এরপর সরকার সিদ্ধান্ত নিলে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রক্রিয়া এগোবে। তবে সাধারণত মূল বেতনের আড়াই গুণ বাড়তেই পারে কেন্দ্রীয় কর্মীদের বেতন। কারণ সপ্তম বেতন কমিশনে ২.৫৭ গুণ বেতন বেড়েছিল। এখন অষ্টম বেতন কমিশনে বেতন কাঠামো কী হয়, তা সত্যিই দেখার বিষয়..