Aamir Khan Sonam Wangchuk: ‘থ্রি ইডিয়টস’-এর ফুংসুখ ওয়াংডু চরিত্র সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত নয়, স্পষ্ট জানালেন আমির খান। নিটের প্রতিবাদে ওয়াংচুকের ২০ দিনের অনশন নিয়েও প্রথমবার প্রতিক্রিয়া দিলেন অভিনেতা।

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে অভিনেতা আমির খান স্পষ্ট জানিয়ে দিলেন, ২০০৯ সালের বিখ্যাত ছবি ‘থ্রি ইডিয়টস’-এ তাঁর অভিনীত চরিত্র ফুংসুখ ওয়াংডু, সমাজকর্মী সোনম ওয়াংচুকের জীবনকাহিনির ওপর ভিত্তি করে তৈরি নয়। দীর্ঘদিন ধরে দর্শকমহলে চলে আসা এই ধারণাকে তিনি সরাসরি ‘ভুল ধারণা’ বলে অভিহিত করেন। ইংল্যান্ডে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে খান বলেন, ছবি তৈরির সময় পরিচালক রাজকুমার হিরানি কিংবা লেখক অভিজাত যোশী, কেউই আদতে ওয়াংচুকের সঙ্গে পরিচিত ছিলেন না। এমনটাও দাবি করেন অভিনেতা।

সোনম ওয়াংচুককে নিয়ে আমির খানের প্রথম প্রতিক্রিয়া

প্রসঙ্গত, নিট (NEET) পরীক্ষার অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে ওয়াংচুকের চলমান অনশন নিয়ে এই প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া দিলেন খান। শুক্রবার এই আন্দোলনকারীর অনির্দিষ্টকালের অনশন ২০তম দিনে পড়েছে। আমির খানের কথায়, ওয়াংচুকের কাজকে সম্মান জানাতে ‘থ্রি ইডিয়টস’-এর সঙ্গে কোনও যোগসূত্রের প্রয়োজন নেই, বরং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া। তিনি বলেন, “আমরা সবাই তাঁর স্বাস্থ্য ও জীবন নিয়ে খুবই উদ্বিগ্ন। আশা করি এর শেষটা ভালো হবে এবং তিনি অনশন ভাঙবেন।”

Scroll to load tweet…

যনন্তর মন্তরে সোনম ওয়াংসুক অনশন করছেন। কিন্তু সেখানে আমির খান উপস্থিত হননি। তাই নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এখনও আমির খান কী করে চুপ করে বসে রয়েছেন? কেন তিনি সমাজকর্মী তথা বিজ্ঞানী সোনম ওয়াংচুকের পাশে এসে দাঁড়াচ্ছেন না? যদিও এই মুহূর্তে তিনি দেশে নেই। কিন্তু বিদেশেও তাঁকে এই প্রশ্নের মুখোমুখি হতে হলো। সেখানেই আমির খান প্রতিবাদীকে নিয়ে তাঁর প্রতিক্রিয়া দিয়েছেন।

থ্রি ইডিয়েটস নিয়ে বিতর্ক

উল্লেখ্য, বহু বছর ধরেই অনেকের বিশ্বাস ছিল যে ফুংসুখ ওয়াংডু চরিত্রটি ওয়াংচুক দ্বারা অনুপ্রাণিত। সম্প্রতি ছবিতে ‘চতুর’ চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্য ওয়াংচুকের সমর্থনে এগিয়ে এসে দাবি করেন, চরিত্রটি তাঁকে নিয়েই তৈরি, এমনকি দুজনের একটি ছবিও শেয়ার করেন তিনি। যদিও ওয়াংচুক নিজে বরাবরই এই দাবি অস্বীকার করে এসেছেন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ছবিটি হয়তো তাঁর দ্বারা প্রভাবিত হতে পারে, তবে সরাসরি তাঁর গল্প নয় এটি।

সিজেপির প্রতিবাদ

ককরোজ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশন শুরু করেছেন ওয়াংচুক। কথিত নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন তিনি। স্বাস্থ্যের অবনতি নিয়ে রাজনীতিবিদ ও বলিউড তারকাদের ক্রমাগত আহ্বান সত্ত্বেও এখনও অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।