Amit Shah: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হরিয়ানার কারনালের এক জনসভা থেকে তিনি রাহুলকে সংসদে দাঁড়িয়ে আলোচনার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছোঁড়া বিতর্কের চ্যালেঞ্জ এবার গ্রহণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তিনি পাল্টা চ্যালেঞ্জ দিয়ে রাহুলকে সংসদের ভেতরে যে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন।

রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ অমিত শাহের

কারনাল শহরে বিজেপির 'গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হঠাও' পদযাত্রায় এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনি (রাহুল গান্ধী) যদি সত্যিই দায়িত্বশীল আলোচনা করতে চান, আর আপনার কথায় যদি যুক্তি ও সারবত্তা থাকে, তবে আসুন, সংসদের ভেতরে বসে আলোচনা করি। সামনাসামনি লড়াই হোক! কিন্তু আপনি তো উত্তর সামলাতে পারবেন না; বরাবরের মতো এবারও পালিয়ে যাবেন।"

বিরোধীদের জনসভাকে স্রেফ রাজনৈতিক "গিমিক" বলে উড়িয়ে দিয়েছেন শাহ। তিনি স্পষ্ট জানান, কংগ্রেস নেতৃত্ব যদি সাংবিধানিক নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করে, তবে যে কোনও বিষয় নিয়ে আলোচনার জন্য কেন্দ্র সরকার সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও প্রস্তুত। অমিত শাহ বলেন, "আমি রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ করতে চাই। আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলোচনার চ্যালেঞ্জ করছেন? আলোচনা চাইলে প্রধানমন্ত্রীকে শুধু একটা চিঠি লিখুন। এসআইআর (SIR) নিয়ে আলোচনার জন্য আমরা সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও তৈরি।"

এর আগে অমিত শাহ ঘোষণা করেন, বিধানসভা থেকে শুরু করে গ্রামের বুথ স্তর পর্যন্ত—সব জায়গায় বিরোধীদের কড়া জবাব দিতে ভারতীয় জনতা পার্টি পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেন, "আপনারা কি সত্যিই ভাবেন যে ৮০ বছরের পুরনো এই গণতন্ত্র আপনাদের ছলনায় ভুলে যাবে? রাহুল জি, আমরা রাস্তার লোক। বিজেপি আপনাদের সংসদে, বিধানসভায়, গ্রামে এবং মাঠে-ময়দানে যোগ্য জবাব দেবে। আর আপনারা যদি ভিড় জমানোর চেষ্টা করেন, তবে বিজেপি কর্মীরাও সেখানে গিয়ে কড়া জবাব দিয়ে আসবে। 'গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হঠাও' র‍্যালি রাহুল গান্ধীকে একটা কড়া ও চূড়ান্ত জবাব দেওয়ার জন্যই করা হয়েছে।"

এদিন কারনাল পৌঁছানোর পর শাহকে উষ্ণ অভ্যর্থনা জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এবং দলের শীর্ষ নেতারা। রাজ্যজুড়ে চলা এই প্রচার কর্মসূচিতে দলের কর্মীরা বিপুল সংখ্যায় যোগ দিয়েছেন, যা এই অঞ্চলে বিজেপির আগ্রাসী প্রচার কৌশলেরই প্রমাণ। মুখ্যমন্ত্রী সাইনিও এই পদযাত্রায় পা মেলান।

রাহুল গান্ধীর চ্যালেঞ্জ

দিন কয়েক আগেই রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর সঙ্গে বিতর্কে লড়ার একটি প্রস্তাব দিয়েছিলেন । তিনি বলেন, সেখানে এক দিনে তিনি থাকবেন, অন্যদিকে নরেন্দ্র মোদী। বিচারকের আসনে নরেন্দ্র মোদীর পছন্দের যে কোনও মানুষ থাকতে পারেন। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত বিচারকের আসনে থাকলেও তাঁর আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। রাহুল গান্ধীর এই বার্তার পর থেকেই বিজেপির শিবির তাঁকে তুলোধনা করতে শুরু করে। এদিন অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল গান্ধীর চ্যালেঞ্জ সরসরি গ্রহণ করলেন।