Anant Singh Suspended: বিহারের রাজনীতিতে বড় খবর! জনতা দল ইউনাইটেড (জেডি(ইউ)) থেকে ছ’বছরের জন্য বহিষ্কৃত মোকামার প্রভাবশালী বিধায়ক অনন্ত সিং। নীতীশের রাজনৈতিক উত্থানে সাহায্য করতে গিয়ে নয়জনকে খুন করানোর দাবি করেছিলেন অনন্ত সিং
Anant Singh Suspended: বিহারের রাজনীতিতে বড় খবর! জনতা দল ইউনাইটেড (জেডি(ইউ)) থেকে ছ’বছরের জন্য বহিষ্কৃত মোকামার প্রভাবশালী বিধায়ক অনন্ত সিং। দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে তাঁর। এনডিএ শাসিত বিহারে অন্তত সিং এবার কোন দলে যোগ দেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নীতীশ কুমারকে ঘিরে তাঁর বিতর্কিত মন্তব্যের জেরে বিহারের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রথমে নীতীশের রাজনৈতিক উত্থানে সাহায্য করতে গিয়ে নয়জনকে খুন করানোর দাবি করেছিলেন অনন্ত সিং। পরে অবশ্য নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দাবি করেন, তাঁর কথা ভুলভাবে বোঝা হয়েছে।
কেন বহিষ্কৃত অনন্ত সিং
বিহার বিধান পরিষদের পটনা গ্র্যাজুয়েট আসনের ভোটকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই সংবাদমাধ্যমের সামনে নীতীশ কুমারকে নিয়ে মন্তব্য করেন অনন্ত সিং। তাঁর দাবি ছিল, নীতীশের রাজনৈতিক ভিত শক্ত করতে তিনি একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। সেই প্রসঙ্গেই ৯জনকে খুন করানোর কথা বলেন তিনি। তাঁর এই মন্তব্য সামনে আসতেই বিরোধী শিবিরের আরজেডি সরব হয়। অন্যদিকে, অনন্ত সিংয়ের বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখার অবস্থান নেয় জেডি(ইউ)।
বিতর্কের মুখে কী সাফাই দিয়েছেন বিধায়ক?
বিতর্ক বাড়তে থাকায় পরে একটি ভিডিও বার্তায় নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন অনন্ত সিং। তাঁর দাবি, আগের মন্তব্যের অর্থ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। লালুপ্রসাদ যাদবের শাসনকালে নীতীশ কুমারের পক্ষে রাজনৈতিক লড়াই করতে গিয়ে তাঁর নয়জন ঘনিষ্ঠ সহযোগী খুন হয়েছিলেন বলে দাবি করেন তিনি। সেই সময় তাঁকেও গুলি করা হয়েছিল বলে জানান অনন্ত সিংহ। তাঁর বক্তব্য, তিনি নিজে কাউকে খুন করাননি। নীতীশ কুমারকে সমর্থন করার কারণে তাঁর পরিবার ও অনুগামীদের যে ত্যাগ স্বীকার করতে হয়েছিল, সেই কথাই বোঝাতে চেয়েছিলেন।


