Bengaluru Crime: পারিবারিক বিবাদের জেরে স্ত্রী-সহ শ্বশুরবাড়ির ৭ জনকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বেঙ্গালুরু পুলিশ ইন্দুশেখর নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পারিবারিক বিবাদের জেরে নিজের আত্মীয়দের খুন করার অভিযোগে ইন্দুশেখর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। পুলিশের দাবি, গত ১৫ থেকে ২০ দিনের মধ্যে সে ৭ জনকে খুন করেছে। এখনও পর্যন্ত একটি মৃতদেহ উদ্ধার হয়েছে, বাকিগুলোর খোঁজ চলছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেঙ্গালুরু শহরের পুলিশ কমিশনার সীমন্ত কুমার সিং জানান, প্রথমে একটি নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছিল। পরিবারের কয়েকজন বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন। পরে পরিবারের লোকজনেরই সন্দেহ হয়, আর তার ভিত্তিতেই এই গ্রেপ্তার।
৭ জনকে খুনের অভিযোগে গ্রেফতার ১
পুলিশ কমিশনার বলেন, "আমরা একজনকে ধরেছি যে দাবি করছে গত ১৫-২০ দিনে সে ৭ জনকে খুন করেছে। তবে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। নিহতরা সবাই তার আত্মীয়। সে নিজের স্ত্রী এবং স্ত্রীর পরিবারের ৬-৭ জনকে খুন করেছে।" অভিযুক্তের বয়ান অনুযায়ী, সে ওই আত্মীয়দের একে একে ডেকে পাঠায়, খুন করে এবং বিভিন্ন জায়গায় দেহগুলো ফেলে দেয়। পুলিশ এখন সংশ্লিষ্ট এলাকার এসপিদের সঙ্গে কথা বলে বিষয়টা যাচাই করছে। এখনও ৬টি দেহ উদ্ধার করা বাকি।
পুলিশ কমিশনার আরও বলেন, "পরিবারের ভেতরে ঘটা এটা একটা মারাত্মক অপরাধ। নিহতদের মধ্যে একজন নাবালকও রয়েছে। আমরা সবদিক খতিয়ে দেখছি। অভিযুক্ত জানিয়েছে যে সে একে একে সবাইকে ডেকে খুন করেছে। আমরা সেই জায়গাগুলোতে তল্লাশি চালাচ্ছি।" তিনি জানান, একটি দেহ উদ্ধার হয়েছে। বাকি দেহগুলো খুঁজতে বিশেষ দল গঠন করা হয়েছে এবং অন্যান্য থানাকেও খবর দেওয়া হয়েছে।
এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তের এক নাবালিকা মেয়ে রয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ সে বাবাকে সাহায্য করেছিল কি না, সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। খুনের অস্ত্র এখনও পরিষ্কার নয়, তবে ভারী পাথর জাতীয় কিছু ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে অনুমান। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আগে একটি ছিনতাইয়ের মামলাও ছিল। ঘটনার আরও তদন্ত চলছে।






